জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন ক্রীড়া উইং ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’ আজ সোমবার (২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দেশের ক্রীড়া খাতের উন্নয়ন, সার্বিক তদারকি এবং তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে কাজ করবে সংগঠনটি।
নতুন এই অ্যালায়েন্সের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রীড়া সংগঠক ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও অর্থ কমিটির সাবেক চেয়ারম্যান এম নাজমুল ইসলাম।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আজ অ্যালায়েন্সটির আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এনসিপির একাধিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই অ্যালায়েন্সে সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদেরও যুক্ত করা হচ্ছে। ধীরে ধীরে সংগঠনের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এম নাজমুল ইসলাম বলেন, ‘আমরা এনসিপির ক্রীড়া উইংয়ের হয়ে কাজ শুরু করতে যাচ্ছি। যেখানে ফাহিম ভাই আহ্বায়ক ও আমি সদস্যসচিব আছি। এছাড়া সাবেক খেলোয়াড় ও অন্য সংগঠকদের রাখা হচ্ছে। ধীরে ধীরে এর পরিধি বাড়বে।’
তিনি আরও বলেন, ‘আমরা ক্রীড়াঙ্গনের উন্নয়ন নিয়ে কথা বলব। পরামর্শ দেব। শুধু ক্রিকেট নয়, সারা দেশের সব খেলা নিয়ে আমাদের কাজ হবে। ভুলত্রুটি থাকলে বলব। যারা দায়িত্বে থাকবেন, তাদের সঙ্গে প্রয়োজনে সংলাপে বসব। পরবর্তীতে ফান্ড পেলে আমরা নিজেরাও ক্রীড়া উন্নয়নে কাজ করব।’
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর