• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২০ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
বিনোদন ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৬, ০৪:২৮ দুপুর

৬১তম জন্মদিনে শাহরুখের উপহার, ‘কিং’এর গানে বিশেষ যা আছে

ছবি: সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খানের ৬১তম জন্মদিনে ভক্তদের জন্য এলো বিশেষ উপহার। বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর প্রথম গান প্রকাশ করেছেন নির্মাতারা। ‘তু মিল জায়ে’ শিরোনামের গানটিতে শাহরুখ খানের সঙ্গে পর্দায় রোমান্স করতে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। তবে গানটির সবচেয়ে বড় আকর্ষণ সংগীতজগতের দুই পরিচিত নাম অরিজিৎ সিং ও এড শিরানের একসঙ্গে কাজ করা।

সোমবার (২ নভেম্বর) মধ্যরাতে গানটি প্রকাশ করা হয়। শাহরুখের জন্মদিন উপলক্ষে প্রকাশিত গানটিতে রোমান্স, নাচ ও অ্যাকশনের মিশ্রণ রয়েছে। গান প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

গানের শুরুতে কালো পোশাকে হাতে বন্দুক নিয়ে দেখা যায় শাহরুখকে। এ সময় তাঁর মুখে শোনা যায়, ‘ম্যায় কাতিল নেহি, আশিক হুঁ, অউর নিশানা মেরি মাশুকা।’ অর্থাৎ, ‘আমি খুনি নই, প্রেমিক; আর আমার লক্ষ্য আমার প্রেয়সী।’ সংলাপটির মধ্য দিয়ে সিনেমায় তাঁর চরিত্রের রোমান্টিক ও বিপজ্জনক দুই দিকেরই ইঙ্গিত পাওয়া যায়।

গানটির বিভিন্ন দৃশ্যে শাহরুখ ও দীপিকাকে সমুদ্রসৈকত, দ্বীপ ও মনোরম পরিবেশে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। রয়েছে তাঁদের রোমান্টিক মুহূর্ত ও নাচের দৃশ্য। অন্যদিকে শাহরুখের অ্যাকশন দৃশ্যগুলো সিনেমাটির গল্পে ভিন্ন মাত্রার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে প্রেমের আড়ালে তাঁর চরিত্রের রহস্যময় কর্মকাণ্ড দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী। অন্যদিকে ইংরেজি র‍্যাপ অংশে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সেটি লিখেছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। গানটির সংগীত পরিচালনা করেছেন শচীন-জিগর এবং হিন্দি কথা লিখেছেন কুমার। কোরিওগ্রাফির দায়িত্বে রয়েছেন পীযূষ-শাজিয়া।

শাহরুখের জন্মদিনে অরিজিৎ ও এড শিরানের এই সংগীত-সহযোগিতা গানটির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। এর আগে এড শিরানের ‘স্যাফায়ার’ গানের ভিডিওতেও শাহরুখকে দেখা গিয়েছিল। এবার ‘কিং’-এর গানে তাঁদের নতুন সহযোগিতা ভক্তদের বাড়তি আগ্রহ তৈরি করেছে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স। সিনেমাটিতে শাহরুখের পাশাপাশি অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল, অর্জুন রামপাল ও অভয় ভার্মাসহ আরও অনেকে।

সিনেমাটিতে শাহরুখের মেয়ে সুহানা খানেরও গুরুত্বপূর্ণ উপস্থিতি থাকছে। বড় পর্দায় সুহানার অভিষেক ঘিরেও দর্শকদের আগ্রহ রয়েছে। এর আগে সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘পাঠান’ সিনেমায় অভিনয় করে ব্যাপক সাফল্য পেয়েছিলেন শাহরুখ। ফলে নতুন সিনেমা ‘কিং’ নিয়েও দর্শকদের প্রত্যাশা অনেক বেশি।

নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বর ২০২৬ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘কিং’। আপাতত জন্মদিনে প্রকাশিত প্রথম গান ‘তু মিল জায়ে’ ঘিরেই আলোচনার কেন্দ্রে রয়েছেন বলিউড বাদশাহ।

সূত্র—দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]