শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির বিস্তার ও টেকসই বিদ্যুৎ সমাধান নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এ অংশগ্রহণ করছে সিঙ্গাপুরভিত্তিক নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন ও শিল্পখাতের রুফটপ সোলার সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান সোলার ইন্টারকন্টিনেন্টাল লিমিটেড (সোলারিক)।
মঙ্গলবার (০৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশে শিল্পভিত্তিক নবায়নযোগ্য জ্বালানির প্রসারে 'সোলারিক' দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত দেশে মোট ১৯৬ মেগাওয়াটপিক (MWp) সৌরবিদ্যুৎ প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে। বর্তমানে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে সোলারিকের ৮৫টি কার্যকর সৌরবিদ্যুৎ প্রকল্প পরিচালিত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোলারিকের রয়েছে দেশের বেশ কয়েকটি বড় ও ঐতিহাসিক সৌর প্রকল্প বাস্তবায়নের রেকর্ড। এর মধ্যে অন্যতম চট্টগ্রামের কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে (KEPZ) ইয়াংওয়ান কর্পোরেশনের জন্য নির্মিত বিশ্বের বৃহত্তম ৫২ মেগাওয়াটপিক (MWp) ছাদভিত্তিক (রুফটপ) সোলার EPC প্রকল্প। এছাড়া দেশীয় পোশাক খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের জন্য ২৮ মেগাওয়াটপিক (MWp) ক্ষমতার আরেকটি বড় রুফটপ সোলার প্ল্যান্ট সফলভাবে স্থাপন করেছে তারা, যা দেশের সবুজ জ্বালানি খাতের অন্যতম প্রধান মাইলফলক।
প্রতিষ্ঠানটির দূরদর্শী লক্ষ্য তুলে ধরে সোলারিকের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক ইঞ্জিনিয়ার নাজনীন আক্তার বলেন, “শিল্পখাতে সাশ্রয়ী ও টেকসই সৌরবিদ্যুতের প্রসার ঘটিয়ে বাংলাদেশকে সবুজ জ্বালানির পথে এগিয়ে নেওয়াই আমাদের মূল লক্ষ্য। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি পেলে দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে এবং তা টেকসই অর্থনৈতিক উন্নয়নে জোরালো ভূমিকা রাখবে।”
'বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এ অংশগ্রহণের মাধ্যমে সোলারিক দেশের শিল্প উদ্যোক্তা, সম্ভাবনাময় বিনিয়োগকারী, জ্বালানি খাতের পেশাজীবী এবং প্রযুক্তি উদ্ভাবকদের সঙ্গে মতবিনিময় করবে। এই প্রদর্শনীর মাধ্যমে শিল্পখাতে সৌরবিদ্যুতের নতুন নতুন সম্ভাবনার দরজা উন্মোচিত হবে এবং বাংলাদেশে পরিবেশবান্ধব সবুজ জ্বালানির রূপান্তর প্রক্রিয়া আরও দ্রুত ও সুসংহত হবে বলে প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর