যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় আব্দুল ওহাব (৫৫) নামে এক ভ্যানচালক ও সামাদ বিশ্বাস (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার মশরহাটী গ্রামে ভৈরব সেতু সংলগ্ন রেলক্রসিং এলাকায় যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল ওহাব উপজেলার দেয়াপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে এবং সামাদ বিশ্বাস একই গ্রামের আব্দুল মঈন বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে দেয়াপাড়া গ্রাম থেকে সামাদ বিশ্বাসকে নিয়ে নওয়াপাড়া বাজারের দিকে আসছিলেন ভ্যানচালক আব্দুল ওহাব। ভৈরব সেতু সংলগ্ন রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমান সবুজ জানান, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। অপরজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বাসের সঙ্গে সংঘর্ষে ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত ভ্যানটি উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া বাস ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর