কুমিল্লার মুরাদনগরে প্রায় সাড়ে ৯ লাখ টাকা মূল্যের ইলিশবোঝাই পিকআপ ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের সর্দার ইদ্রিস মিয়াকে (২৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)। গ্রেপ্তার ইদ্রিস নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা এবং তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতির ১৯টি মামলা রয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকার শনির আখড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১১-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ (সিপিসি-২), কুমিল্লা এবং এসআরবি-১০-এর সিপিসি-১, যাত্রাবাড়ীর একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে। বুধবার সকালে কুমিল্লা নগরীর শাকতলায় এসআরবি-১১-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২ সেপ্টেম্বর রাতে মুরাদনগর উপজেলার নেয়ামতপুর এলাকায় মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কে ডাকাতির ঘটনাটি ঘটে। লক্ষ্মীপুর সদর এলাকার মাছ ব্যবসায়ী বেল্লাল হোসেন চট্টগ্রামের ফিশারিঘাট থেকে ইলিশ কিনে পিকআপে করে কুমিল্লার বিভিন্ন বাজারে সরবরাহ করছিলেন। রাত সাড়ে ১২টার দিকে নেয়ামতপুর এলাকায় পৌঁছালে একটি সাদা পিকআপ দিয়ে তাঁর গাড়ির পথ আটকে দেয় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল। পরে দেশীয় অস্ত্রের মুখে মাছ ব্যবসায়ী, চালক ও তাঁদের সহযোগীকে জিম্মি করে মারধর করে ডাকাতেরা। একপর্যায়ে তাঁদের হাত-পা ও মুখ বেঁধে সড়কের পাশে ফেলে রেখে যায়। এ সময় প্রায় সাড়ে ৯ লাখ টাকা মূল্যের ইলিশবোঝাই পিকআপ এবং ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৭১ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করেন।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বেল্লাল হোসেন বাদী হয়ে মুরাদনগর থানায় ডাকাতির মামলা করেন। এসআরবি জানায়, ইদ্রিস মিয়ার বিরুদ্ধে থাকা মামলাসংক্রান্ত তথ্য ও পুলিশি প্রতিবেদন পর্যালোচনা করে দেশের বিভিন্ন থানায় ডাকাতির ১৯টি মামলার তথ্য পাওয়া গেছে। তাঁকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুরাদনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর