যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পরও ইরানের প্রতি ওয়াশিংটনের শত্রুতামূলক নীতির পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে ক্ষমতার সমীকরণ বদলালেও তেহরানের প্রতি দেশটির নীতিতে মৌলিক কোনো পরিবর্তন আসবে না।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রকাশিত খামেনির এক বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ‘দলীয় মেরুকরণের পরিবর্তন’ ইরানি জনগণের প্রতি দেশটির শত্রুতার অবসান ঘটাতে পারবে না।
বার্তায় খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানি জনগণের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চায়। তাঁর দাবি, নিজেদের তৈরি করা একটি কেলেঙ্কারির পর যুক্তরাষ্ট্রের পতন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এতে দেশটির পতনের প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়কে ইরানের নেতারা ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক পরাজয়ের প্রমাণ হিসেবে তুলে ধরছেন। তাঁদের মতে, নির্বাচনের ফল ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
তবে খামেনির বক্তব্যে স্পষ্ট হয়েছে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনকে ইরানের প্রতি দেশটির পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের কোনো ইঙ্গিত হিসেবে দেখছে না তেহরান।
অর্থাৎ, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প প্রশাসন রাজনৈতিক ধাক্কা খেলেও যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের বিরোধ কমবে—এমন প্রত্যাশা করছে না ইরানের নেতৃত্ব।
কুশল/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর