সরকারের প্রতি সমর্থন ও সহযোগিতার কথা জানালেও বর্তমান শাসনব্যবস্থা এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। তিনি বলেছেন, সরকারকে ধন্যবাদ ও সাধুবাদ জানাই। তবে এভাবে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়।
শুক্রবার (৬ নভেম্বর) এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
আখতারুজ্জামান বলেন, দেশের কেউ আইনের ঊর্ধ্বে নয়। তাঁর বিরুদ্ধেও মামলা হতে পারে, বিচার হতে পারে। আইন অনুযায়ী পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারে, এমনকি হ্যান্ডকাফও পরাতে পারে। তবে আইনবহির্ভূতভাবে কারও বাড়িতে ডিবি পুলিশের অভিযান চালানো কিংবা প্রকাশ্যে গ্রেপ্তারের নামে মহড়া দেওয়ার এখতিয়ার নেই।
ডিবি পুলিশের দায়িত্ব ও কর্মকাণ্ডের ধরন নিয়েও প্রশ্ন তোলেন সাবেক এই সংসদ সদস্য। তাঁর ভাষায়, ডিবির পূর্ণরূপ ‘ডিটেকটিভ ব্রাঞ্চ’। তাদের মূল কাজ গোপনে তদন্ত পরিচালনা করা। প্রকাশ্যে পুলিশি মহড়া দিয়ে কারও বাড়িতে প্রবেশ করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। ডিবির এমন আচরণকে তিনি অপেশাদার বলে মন্তব্য করেন।
বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রসঙ্গও তুলে ধরেন আখতারুজ্জামান। তিনি বলেন, জামায়াতের আমির স্পষ্ট জানিয়েছেন, বর্তমান সরকারকে পূর্ণ সহযোগিতা করা হবে। তাঁরাও সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। তবে কোনো অন্যায় মেনে নেওয়া হবে না। জনগণের সঙ্গে প্রতারণা বা ধোঁকাবাজি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর