চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে সাম্প্রতিক বিতর্কে তার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। কোনো অভিযোগের সত্যতা যাচাই না করে শুধু পেশাগত পরিচয়ের কারণে কারও পক্ষ নেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদেরও দায়িত্বশীল ও পেশাদার আচরণের আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের অবস্থান তুলে ধরেন প্রভা।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। আদালত থেকে বের হওয়ার সময় এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে গালিগালাজ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরীমনির দাবি, ওই সাংবাদিক তার গায়ে হাত দিয়েছিলেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরীমনির আচরণ নিয়ে সমালোচনা শুরু হয়। সাংবাদিকদের একাংশও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।
এমন পরিস্থিতিতে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন প্রভা। তিনি জানান, কিছুদিন আগে একটি অনুষ্ঠানে কয়েকজন সাংবাদিক তাকে ঘিরে সাক্ষাৎকার নিচ্ছিলেন। এ সময় একজন সাংবাদিক তার অনেকটা কাছাকাছি চলে আসেন। এতে অস্বস্তি বোধ করে বারবার পেছনে সরে গেলেও ওই ব্যক্তি সামনে এগিয়ে আসছিলেন।
প্রভা বলেন, ওই পরিস্থিতিতে তিনি হাসিমুখে সাংবাদিককে নিজের অস্বস্তির কথা জানান। এমনকি অনাকাঙ্ক্ষিত স্পর্শ এড়াতে নিজের ফোন সামনে ধরে রাখেন। পরে অন্য একজন সাংবাদিক এসে ওই ব্যক্তিকে সরিয়ে দেন।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে প্রভা বলেন, কোনো সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠলেই ঢালাওভাবে তার পক্ষ নেওয়া উচিত নয়। গণমাধ্যমকর্মীদের মধ্যেও দায়িত্বশীলতা ও পেশাদারত্ব থাকা জরুরি। পরীমনির অভিযোগ সত্যিও হতে পারে। তাই পুরো ঘটনা যাচাই না করে কাউকে দোষী বা নির্দোষ বলা ঠিক হবে না।
ভিডিও বার্তায় পরীমনির ব্যক্তিগত জীবন এবং সিঙ্গেল মাদার হিসেবে তার সংগ্রামের বিষয়টিও উল্লেখ করেন প্রভা। তার ভাষ্য, একজন শিল্পীও সাধারণ মানুষের মতো ব্যক্তিগত ও পারিবারিক নানা পরিস্থিতির মধ্য দিয়ে যান। তাই কোনো ঘটনা মূল্যায়নের সময় সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থান ও বাস্তবতাও বিবেচনায় রাখা প্রয়োজন।
প্রভা আরও বলেন, মিডিয়ায় কাজ করেন বলেই একজন মানুষের মেজাজ সবসময় নিয়ন্ত্রণে থাকবে, এমন প্রত্যাশা করা ঠিক নয়। বরং প্রতিটি অভিযোগ ও ঘটনার নিরপেক্ষ মূল্যায়ন হওয়া উচিত।
সাজু/নিএ
সর্বশেষ খবর