• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৪ সেকেন্ড পূর্বে
মো: মিজানুর রহমান
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৬, ০৭:০১ বিকাল

কালীগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি রাশেদ খানের

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করতে ভয় পেলে রাজনীতি বা দল করার দরকার নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, আজকের পর থেকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের ভাটপাড়া গ্রামে কোনো মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর ঠাঁই হবে না। মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে প্রতিহত করে এলাকা থেকে বিতাড়িত করতে হবে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক, আত্মহত্যা, বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক ও অনলাইন জুয়া প্রতিরোধে আয়োজিত সচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, মাদকের ভয়াবহতা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না, পরিবার ও সমাজের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের চিহ্নিত করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অনলাইন জুয়া সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদেরও চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দিতে হবে।

নারীদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও যৌতুক বন্ধ করতে হবে। পরিবার থেকেই এসব বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে। ইসলামে একাধিক বিয়ের অনুমতি থাকলেও অকারণে বা দায়িত্বহীনভাবে তা করা উচিত নয়।

দেশের চলমান জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে রাশেদ খান বলেন, গ্যাস ও জ্বালানি তেলের বর্তমান সংকট একটি জাতীয় সমস্যা। তবে ধীরে ধীরে এ সংকট কেটে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দেশের সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করছেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠুর সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ নেতা তবিবর রহমান মিনি, চিকিৎসক ডা. নুরুল ইসলাম ও সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান।

এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক ও অনলাইন জুয়ামুক্ত সমাজ গঠনে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]