• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৬, ০৫:৫১ বিকাল

গ্রাম পুলিশ মহাসমাবেশে যোগ দিতে এসে প্রাণ গেল দুজনের, পরিবার পাবে ৩ লাখ টাকা

ছবি: সংগৃহীত

রাজধানীতে আয়োজিত ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ ২০২৬’-এ যোগ দিতে এসে তীব্র গরমে অসুস্থ হয়ে দুই গ্রাম পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া আরও কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (৭ নভেম্বর) মহাসমাবেশে অংশ নিতে আসার পথে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মো. জমসেদ আলী (৪৭) এবং ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের মো. কাইমুদ্দিন (৫৮)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মহাসমাবেশস্থলে আসার পথে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েন তারা। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একই কারণে অসুস্থ হয়ে পড়া আরও কয়েকজন গ্রাম পুলিশ সদস্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সমাবেশ শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। সেখানে তিনি চিকিৎসাধীন গ্রাম পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

হাসপাতাল কর্তৃপক্ষকে অসুস্থ সদস্যদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। তিনি জানান, অসুস্থ ও আহত সদস্যদের চিকিৎসার সব ব্যয়ভার সরকার বহন করবে।

এ ছাড়া নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জানান তিনি। সরকারের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে নগদ ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে প্রতিটি পরিবার থেকে একজন যোগ্য সদস্যকে গ্রাম পুলিশে নিয়োগ দেওয়ার কথাও জানান তিনি। পাশাপাশি সরকারি খরচে মরদেহ দুটি নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া এবং সম্মানজনক দাফন-কাফনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]