কুমিল্লার বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বুড়িচং থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল আহম্মেদ (৪৮) এবং বাকশীমূল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. জামাল খান (৪৬)। তোফাজ্জল আহম্মেদ উপজেলার খারাতাইয়া গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে এবং জামাল খান বাকশীমূল ইউনিয়নের জামতলা গ্রামের মৃত হামিদ খানের ছেলে।
পুলিশ জানায়, জিআর-৩৬৯/২৪ নম্বর মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর