ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে ইহুদিদের ভারতের পরিবর্তে পাকিস্তানের পক্ষ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইসরায়েলি-আমেরিকান ধর্মগুরু রাব্বি ইউসেফ মিজরাহি। তাঁর দাবি, ইহুদি ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মূর্তিপূজারীদের সমর্থন না করে একেশ্বরবাদীদের পাশে থাকা উচিত। এ মন্তব্যের পাশাপাশি হিন্দুধর্ম ও ভারতীয় সংস্কৃতি নিয়ে তাঁর আগের কিছু কটূক্তিও নতুন করে আলোচনায় এসেছে।
গত ৩ নভেম্বর ‘নির্বাচন ও বর্তমান ঘটনা’ শীর্ষক এক বক্তৃতায় তোরাহসহ ইহুদি ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়ে এসব কথা বলেন মিজরাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই বক্তৃতার ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো একটি দেশকে বেছে নিতে হলে ইহুদিদের পাকিস্তানের পক্ষ নেওয়া উচিত।
মিজরাহির যুক্তি, পাকিস্তান ইসরায়েলকে সমর্থন করে বলে নয়; বরং মূর্তিপূজা ও একেশ্বরবাদের ধর্মীয় পার্থক্যের কারণেই এমন অবস্থান নেওয়া উচিত। পাকিস্তানের সঙ্গে ইসরায়েলের বৈরী সম্পর্কের বিষয়টি স্বীকার করেও তিনি বলেন, ধর্মীয় নীতির কাছে রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক গৌণ।
তাঁর এই বক্তব্য ঘিরে ভারতীয় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিশেষ করে ভারত ও ইসরায়েলের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের প্রসঙ্গ টেনে অনেকে প্রশ্ন তুলেছেন, এমন মন্তব্যের পরও দুই দেশের বন্ধুত্বের অর্থ কী। তবে কেউ কেউ একে একজন কট্টরপন্থী ধর্মীয় ব্যক্তির ব্যক্তিগত মতামত হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন।
ভারত ও ইসরায়েলের মধ্যে কয়েক দশক ধরে কূটনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। বিশেষ করে নরেন্দ্র মোদির সরকারের আমলে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা, অস্ত্র কেনাবেচা ও গোয়েন্দা তথ্য বিনিময়ের সম্পর্ক আরও জোরালো হয়েছে। এমন প্রেক্ষাপটে মিজরাহির মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
তবে হিন্দুধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে মিজরাহি এর আগেও সমালোচনার মুখে পড়েছেন। গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে তাঁকে হিন্দুধর্মীয় বিশ্বাস ও গো-পূজা নিয়ে উপহাস করতে দেখা যায়।
ওই ভিডিওতে নিজের ফেসবুক পেজে কাজ করা এক ভারতীয় হিন্দু ব্যক্তির প্রসঙ্গ তোলেন মিজরাহি। ওই ব্যক্তি ইহুদি ধর্ম গ্রহণে আগ্রহী বলে উল্লেখ করে তাঁর পারিবারিক ও ধর্মীয় রীতিনীতি নিয়ে কথা বলেন তিনি। এ সময় হিন্দুদের গো-সেবা ও গরুর প্রতি শ্রদ্ধার বিষয়টি নিয়ে বিদ্রূপ করেন।
মিজরাহি দাবি করেন, কিছু হিন্দু পরিবার গরুকে শোবার ঘরে প্রবেশ করতে দেয় এবং মেঝে থেকে গোমূত্র পান করে। ভারতীয় ফার্মেসিতে গোমূত্র ওষুধ হিসেবে বিক্রি হয় বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি দিল্লির রাস্তায় গরুর অবস্থান ও যানজট নিয়েও কটাক্ষ করেন। একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, ‘ঈশ্বরকে ধন্যবাদ, তিনি আমাকে ভারতীয়দের মতো বানাননি।’
এসব মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর ভারত ও ইসরায়েলসহ বিভিন্ন মহলে সমালোচনা তৈরি হয়। সর্বশেষ বক্তব্যে মিজরাহি আবারও ধর্মীয় বিশ্বাসকে রাজনৈতিক ও কৌশলগত সম্পর্কের ঊর্ধ্বে রাখার কথা বলায় বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।
সূত্র: নিউজ২৪ অনলাইন
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর