ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ী রোড থেকে স্টেশন রোড পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। এ অভিযানে প্রায় ১৫০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। রোববার (৮ নভেম্বর/২৬) বিকেল তিনটা থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন। এ সময় সড়কের দুই পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এসব দোকানের কারণে দীর্ঘদিন ধরে পথচারীদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছিল। অভিযানে উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর মো. জাবেদ ইকবাল, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মহব্বত আলী, স্টোরকিপার নাজমুল হাসানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ময়মনসিংহ সিটি করপোরেশন সূত্রে জানানো হয়, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর