ফরিদপুরের মধুখালীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ সময় ট্রাকের ভেতরে আটকে পড়া চালককে একটি পা কেটে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
সোমবার (৯ নভেম্বর) ভোর ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী বাজারের মরিচবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা থেকে আসা রডবোঝাই একটি ট্রাক মধুখালী বাজারের সেঁজুতি আয়রন অ্যান্ড স্টিলের সামনে রড নামানোর জন্য ঘোরানোর চেষ্টা করছিল। এ সময় কালীগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ট্রাকটির মাঝামাঝি অংশে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী, চালক ও সহকারীসহ অন্তত ৫০ জন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত ট্রাকচালককে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর