• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৬, ০২:০৪ দুপুর

পাকিস্তানে নারী সাংবাদিক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন টেলিভিশন সাংবাদিক ও উপস্থাপক রাবিয়া আহসান। এ ঘটনায় তাঁর স্বামীকে হেফাজতে নিয়েছে পুলিশ। একই সঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে সন্দেহভাজন আগ্নেয়াস্ত্র।

সোমবার (৯ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে পাকিস্তানের সংবাদমাধ্যম ডনও ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদন অনুযায়ী, রোববার রাওয়ালপিন্ডির গুলশানাবাদ এলাকায় নিজ বাড়ি থেকে রাবিয়া আহসানের মরদেহ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সংবাদ উপস্থাপক ও অনুষ্ঠান সঞ্চালক হিসেবে কাজ করতেন।

রাওয়ালপিন্ডির সিটি পুলিশ কর্মকর্তা (সিপিও) হাসান মুশতাক সুকেরা জানান, এ ঘটনায় রাবিয়ার স্বামীকে হেফাজতে নেওয়া হয়েছে এবং সন্দেহভাজন আগ্নেয়াস্ত্রটি জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সিপিও হাসান মুশতাক সুকেরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পুলিশের অপারেশন ও তদন্ত বিভাগের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল।

পুলিশ কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, বাড়ির এক পুরুষ গৃহকর্মী পুলিশকে জানিয়েছেন, রাবিয়ার স্বামী দাবি করেছেন, আগ্নেয়াস্ত্র থেকে দুর্ঘটনাবশত গুলি ছুটে তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে।

পাঞ্জাব ফরেনসিক সায়েন্স এজেন্সির (পিএফএসএ) দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে রাবিয়া আহসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের ফার্স্ট লেডি আসিফা ভুট্টো-জারদারি। একই সঙ্গে তিনি এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন।

প্রেসিডেন্সির এক বিবৃতিতে বলা হয়, ঘটনার প্রকৃত সত্য উদ্‌ঘাটন এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন ফার্স্ট লেডি।

রাওয়ালপিন্ডিতে একই ধরনের ঘটনায় আরেক পেশাজীবী নারীর মৃত্যুর বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। গত আগস্টে ৪৫ বছর বয়সী ডিজিটাল মিডিয়া নির্বাহী হিনা জাভেদকে নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর শরীরে নির্যাতনের চিহ্ন ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হিনা জাভেদের মৃত্যুর তদন্তের ফল এখনো অপেক্ষমাণ রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

রাবিয়া আহসানের মৃত্যুর ঘটনায় গুলি দুর্ঘটনাবশত ছুটেছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]