• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
বিনোদন ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৬, ০৪:২৬ দুপুর

হোটেলে আলু-পেঁয়াজের খোসা ছাড়াতেন পঙ্কজ, সেখান থেকে হন তারকা

ছবি: সংগৃহীত

একসময় হোটেলে কাজ করতেন। দায়িত্ব ছিল আলু-পেঁয়াজের খোসা ছাড়ানো। সেই কাজ করতে করতেই মনে প্রশ্ন জাগত, সারাজীবন কি এভাবেই কাটবে? তবে ভাগ্য তাঁকে নিয়ে গেছে অভিনয়ের জগতে। বলিউড ও ওটিটির জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী সম্প্রতি নিজের জীবনের সেই কঠিন সময়ের কথা তুলে ধরেছেন। জানিয়েছেন, ছাত্রনেতা হওয়ার ইচ্ছা থেকে শুরু করে রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব—সবকিছু নিয়েই তাঁর অভিজ্ঞতার কথা।

সম্প্রতি নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন পঙ্কজ। কপিল শর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে নিজের ছাত্রজীবন ও অভিনয়ে আসার আগের দিনগুলোর স্মৃতিচারণ করেন তিনি।

ছাত্রজীবনে অভিনয় ছাড়া অন্য কিছু হওয়ার ইচ্ছা ছিল কি না—এক দর্শকের এমন প্রশ্নের জবাবে পঙ্কজ জানান, একসময় ছাত্রনেতা হতে চেয়েছিলেন তিনি। কিন্তু পুলিশের মারধরের শিকার হওয়ার পর সেই সিদ্ধান্ত বদলে ফেলেন। এরপর প্রায় দুই বছর একটি হোটেলে কাজও করেছেন।

পঙ্কজ বলেন, “আমি ছাত্রনেতা হতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাকে এত মারধর করেছিল যে, সেদিনই নিজের সিদ্ধান্ত বদলে ফেলি। এমনকি দুই বছর একটি হোটেলেও কাজ করেছি। সেখানে আলু-পেঁয়াজের খোসা ছাড়াতাম। আমার মনে হতো, আমার ভাগ্যে অন্য কিছু লেখা রয়েছে, এই কাজ নয়। শেষ পর্যন্ত অভিনয়ে এসেছি। আসলে জীবনে এমন অনেক কিছুই স্বাভাবিক নিয়মে ঘটে যায়। সবকিছুকে নিজের গতিতে চলতে দিতে হয়।”

অনুষ্ঠানে অভিনেতা নভজ্যোৎ সিং সিধু জানতে চান, চলচ্চিত্র ও বিনোদনজগতে বহিরাগত হয়েও কীভাবে নিজের অবস্থান তৈরি করেছেন পঙ্কজ। ওটিটি প্ল্যাটফর্ম তাঁর মতো সাধারণ পরিবার থেকে উঠে আসা অভিনেতাদের এগিয়ে যেতে কতটা সাহায্য করেছে, সেই প্রশ্নও করেন তিনি।

জবাবে পঙ্কজ বলেন, ওটিটি বহিরাগতদের নিজেদের পরিচিতি তৈরির সুযোগ করে দিয়েছে। সাধারণ পরিবার থেকে উঠে এসেও এই নতুন মাধ্যমে কাজের সুযোগ পেয়েছেন তাঁরা। পরিশ্রমের মাধ্যমে নিজেদের জায়গা তৈরি করেছেন। তাঁর মতে, ভারতের যেকোনো তরুণের জন্যই এমন সুযোগ রয়েছে। নতুন মাধ্যমের আবির্ভাবের সঙ্গে নতুন সম্ভাবনার দরজাও খুলে যায়।

এদিকে জনপ্রিয়তা পাওয়ার পর রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাবও পেয়েছিলেন পঙ্কজ। অনুষ্ঠানে সেই অভিজ্ঞতার কথা জানিয়ে অভিনেতা বলেন, একবার তাঁকে রাজনীতিতে যোগ দিতে আগ্রহী কি না, তা জানতে চাওয়া হয়েছিল। তবে তিনি সরাসরি নিজের অনাগ্রহের কথা জানান।

পঙ্কজের ভাষায়, “আমি জানিয়ে দিয়েছিলাম, আমার কোনো আগ্রহ নেই। বলেছিলাম, আমার অভিনয়ের কাজ তো বেশ ভালোই চলছে। তাহলে কেন সেই কাজ বন্ধ করে দিতে চাইছেন তাঁরা! রাজনীতি অত্যন্ত বড় দায়িত্ব। মানুষের সেবা করা খুবই গুরুতর বিষয়। কাজটা মোটেই সহজ নয়।”

এর আগে ২০২০ সালের একটি অনুষ্ঠানেও রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছিলেন এই অভিনেতা। সে সময় তিনি বলেছিলেন, অভিনেতা হওয়ার জন্য অনেক পরিশ্রম করেছেন এবং এখন মানুষ তাঁকে অভিনেতা হিসেবেই চেনেন। এই অবস্থায় অভিনেতা থেকে নেতা হয়ে গেলে বিষয়টি কিছুটা অদ্ভুত দেখাবে। তবে রাজনীতির মাধ্যমে মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলার মতো পরিবর্তন আনা সম্ভব বলেও মন্তব্য করেছিলেন তিনি। ভবিষ্যতে এমন সুযোগ এলে বিষয়টি ভেবে দেখার সম্ভাবনাও উড়িয়ে দেননি পঙ্কজ।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]