• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৫৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৬, ০৯:৩৫ রাত

দক্ষিণ আফ্রিকা সফরে ইংল্যান্ড দলে ফিরছেন কার্স, বাদ পড়লেন বশির

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা সফরের আগে ইংল্যান্ডের টেস্ট দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে পেসার ব্রাইডন কার্সের। তাঁকে ইংল্যান্ড লায়ন্সের দলে রাখা হয়েছে। অন্যদিকে টেস্ট দলে জায়গা হারিয়েছেন তরুণ অফ স্পিনার শোয়েব বশির। তাঁর পরিবর্তে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন নটিংহ্যামশায়ারের বাঁহাতি স্পিনার লিয়াম প্যাটারসন-হোয়াইট।

সোমবার দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ১৫ সদস্যের টেস্ট দল ও লায়ন্স স্কোয়াড ঘোষণা করে ইংল্যান্ড। আগামী ১৭ ডিসেম্বর জোহানেসবার্গে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ।

আগস্টে ডার্বির একটি নাইটক্লাবের বাইরে হাতকড়া পরানো হয়েছিল কার্সকে। পরে তাঁকে গ্রেপ্তার দেখানোর পর আবার গ্রেপ্তারমুক্ত করা হয়। সম্ভাব্য হামলার অভিযোগে ডার্বিশায়ার পুলিশের তদন্ত শেষ হলেও ক্রিকেট রেগুলেটরের করা অভিযোগের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

ওই ঘটনার পর থেকে ইংল্যান্ডের কোনো জাতীয় দলেই জায়গা পাননি কার্স। তবে ডারহামের হয়ে খেলা চালিয়ে গেছেন তিনি এবং ইংল্যান্ডের হয়ে খেলার জন্যও বিবেচনাধীন ছিলেন।

ইংল্যান্ডের নির্বাচক মার্কাস নর্থ জানিয়েছেন, তদন্ত চলাকালে কার্সকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে কিছুটা দূরে রাখা হয়েছিল। তাঁর সঙ্গে একাধিকবার আলোচনা করার পর এখন তাঁকে আবার ইংল্যান্ডের ক্রিকেটীয় পরিবেশে ফেরানোর সিদ্ধান্ত হয়েছে। আপাতত লায়ন্স দলের হয়ে খেলাই তাঁর জন্য উপযুক্ত বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট।

দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম টেস্টে ইংল্যান্ডের পেসার জশ টাং খেলতে পারবেন না। দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে তিনি প্রথম টেস্ট থেকে ছুটি নেবেন। ফলে তাঁর বিকল্প হিসেবে কার্সকে মূল দলে নেওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে টাংয়ের পায়ের আঙুলের চোটও রয়েছে। এ কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে সিরিজেও খেলছেন না তিনি। চিকিৎসকের পরামর্শ নিতে যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে তাঁর।

টাংয়ের চোটের অবস্থা বিবেচনা করে দক্ষিণ আফ্রিকা সফরের আগে প্রস্তুতি ম্যাচে খেলার সুযোগ পেতে পারেন তিনি। এরপর সন্তানের জন্মের সময় দেশে ফিরতে পারেন। সে ক্ষেত্রে একজন অতিরিক্ত পেসার প্রয়োজন হবে ইংল্যান্ডের।

কার্স ছাড়াও লায়ন্স দলে থাকা হেনরি ক্রুকম্ব, অলি স্টোন, ম্যাথিউ ফিশার, এডি জ্যাক, ম্যাথিউ পটস ও মিচেল স্ট্যানলির মধ্য থেকে টাংয়ের বিকল্প বেছে নেওয়া হতে পারে। নর্থ জানিয়েছেন, লায়ন্স দলের পারফরম্যান্স পর্যবেক্ষণ করে মূল দলে এক বা দুজন ক্রিকেটার নেওয়া হবে।

এদিকে দীর্ঘদিন ইংল্যান্ডের প্রথম পছন্দের স্পিনার হিসেবে বিবেচিত শোয়েব বশিরের বাদ পড়া বেশ আলোচনার জন্ম দিয়েছে। মাত্র ২০ বছর বয়সে টেস্ট অভিষেক হওয়া বশিরকে অল্প অভিজ্ঞতা নিয়েই জাতীয় দলের প্রধান স্পিনারের দায়িত্ব দেওয়া হয়েছিল। পরে ইংল্যান্ডের হয়ে ৫০ টেস্ট উইকেট নেওয়া সর্বকনিষ্ঠ বোলারের কৃতিত্বও অর্জন করেন তিনি।

তবে হাতের চোট ও অফ ফর্মের কারণে গত শীতের অ্যাশেজে খেলতে পারেননি বশির। গত গ্রীষ্মে ঘরের মাঠে ইংল্যান্ডের ছয়টি টেস্টের মধ্যে মাত্র একটিতে বোলিং করার সুযোগ পান তিনি।

গত মাসেও ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে জায়গা পেয়েছিলেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল থেকে বাদ পড়ে এবার লায়ন্স দলে জায়গা হয়েছে তাঁর।

নির্বাচক নর্থ অবশ্য জানিয়েছেন, বশিরের ওপর থেকে আস্থা হারায়নি ইংল্যান্ড। তাঁর ভাষায়, বশির এখনো তরুণ এবং তাঁকে নিয়ে দলের ইতিবাচক পরিকল্পনা রয়েছে। প্রতিটি টেস্ট সিরিজের জন্য আলাদাভাবে দল নির্বাচন করা হয়। দক্ষিণ আফ্রিকার কন্ডিশন বিবেচনায় প্যাটারসন-হোয়াইটকে বেশি উপযুক্ত মনে হয়েছে।

নতুন মুখ প্যাটারসন-হোয়াইট গত মৌসুমে নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম বিভাগে ৪২ উইকেট নিয়েছিলেন। স্পিনারদের মধ্যে সেটিই ছিল সর্বোচ্চ। বল হাতে কার্যকর হওয়ার পাশাপাশি ব্যাট হাতেও অবদান রাখার সামর্থ্য রয়েছে তাঁর। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনটি সেঞ্চুরিও করেছেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।

দক্ষিণ আফ্রিকা সফর হবে ইংল্যান্ডের নতুন প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংয়ের অধীনে প্রথম টেস্ট সিরিজ। এর আগে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল ইংল্যান্ড।

দলে ফিরেছেন জ্যাকব বেথেলও। হাঁটুর চোটের কারণে জুলাইয়ের পর আর টেস্ট খেলেননি তিনি। তাঁর প্রত্যাবর্তনে ব্যাটিং অর্ডারে জায়গা নিয়ে প্রতিযোগিতা তৈরি হয়েছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজে খেলা এমিলিও গে ও জর্ডান কক্সের সঙ্গে প্রথম ছয়ে জায়গা পাওয়ার লড়াইয়ে থাকতে পারেন তিনি।

অন্যদিকে অলরাউন্ডার স্যাম কারানকে দক্ষিণ আফ্রিকা সফরের দলে বিবেচনা করা হয়নি। বিয়ে উপলক্ষে ছুটিতে থাকবেন তিনি। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বেন স্টোকস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার আগেই তাঁর বিয়ের পরিকল্পনা নির্ধারিত হয়েছিল।

দক্ষিণ আফ্রিকা সফরে ইংল্যান্ডের টেস্ট দল: জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, স্যাম কুক, জর্ডান কক্স, বেন ডাকেট, এমিলিও গে, ড্যান লরেন্স, লিয়াম প্যাটারসন-হোয়াইট, অলি রবিনসন, জেমি স্মিথ ও জশ টাং।

ইংল্যান্ড লায়ন্সের লাল বলের দল: শোয়েব বশির, ব্রাইডন কার্স, জেমস কোলস, ম্যাসন ক্রেন, হেনরি ক্রুকম্ব, ম্যাথিউ ফিশার, জ্যাক হেইন্স, জর্জ হিল, এডি জ্যাক, বেন মেইস, বেন ম্যাককিনি, অলি পোপ, ম্যাথিউ পটস, জেমস রিউ, টমাস রিউ, মিচেল স্ট্যানলি, অলি স্টোন ও আসা ট্রাইব।

ইংল্যান্ড লায়ন্সের ৫০ ওভারের দল: রেহান আহমেদ, ব্রাইডন কার্স, ম্যাসন ক্রেন, অ্যাডাম ফিঞ্চ, ম্যাথিউ ফিশার, ক্যালভিন হ্যারিসন, জ্যাক হেইন্স, জর্জ হিল, বেন মেইস, বেন ম্যাককিনি, অলি পোপ, জেমস রিউ, নাভ্যা শর্মা, একাংশ সিং ও আসা ট্রাইব।

সূত্র: বিবিসি

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]