লালমনিরহাটের কালীগঞ্জে অনলাইন জুয়া খেলার সময় মোবাইল ফোন ও নগদ-বিকাশ লেনদেনের আলামতসহ ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) ভোররাতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বত্রিশ হাজারী বটতলা রাধাগোবিন্দ মন্দিরের পাশ থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বকুল রায় (২৩), শ্রী সাগর চন্দ্র রায় (২৪), শ্রী গোপাল চন্দ্র রায় (২৩), মো. এরশাদুল হক (৪০), মো. নাজমুল হক (২৮), মো. মাইদুল ইসলাম (৩৮) এবং মো. মিলন সরকার (৩৭)। তাদের সবার বাড়ি লালমনিরহাট জেলার কালীগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন এলাকায়।
ডিবি পুলিশ জানায়, কালীগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযানে থাকাকালীন সময়ে তারা জানতে পারে যে বত্রিশ হাজারী বটতলা রাধাগোবিন্দ মন্দিরের পাশে কতিপয় ব্যক্তি অনলাইনে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে জুয়া খেলছেন এবং বিভিন্ন জুয়ারিদের কাছে নগদ ও বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করছেন। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত বিভিন্ন মডেলের একাধিক অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। এসব মোবাইল ফোনে bee999, kg999, Joya777, Crickex, TK999.com, Babu88.com, Ace67, Cv666 সহ বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস ইনস্টল করা এবং গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে তা পরিচালিত হয়ে আসছিল। এছাড়া জুয়ার লেনদেনে ব্যবহৃত একাধিক সিম ও বিকাশ-নগদ অ্যাকাউন্ট জব্দ করেছে পুলিশ।
এ বিষয়ে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন কবির জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এমন অভিযান অব্যাহত থাকবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর