• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
শাহাদুল ইসলাম সাজু
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ০১:২০ দুপুর

জয়পুরহাটের দুর্গাদহ হাটে কলার দরপতনে বিপাকে কৃষক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

উত্তরের জনপদে কলা বেচাকেনার অন্যতম বড় কেন্দ্র হয়ে উঠেছে জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ হাট। জেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে কৃষক ও ব্যবসায়ীরা কলা নিয়ে আসেন এখানে। পাইকারি ব্যবসায়ীরা এসব কলা কিনে ট্রাকে করে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠান। তবে কয়েক দিনের ব্যবধানে কলার দাম কমে যাওয়ায় উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন কৃষকেরা।

স্থানীয় ব্যবসায়ীদের তথ্যমতে, প্রতিদিন এ হাটে কোটি টাকার কলা বেচাকেনা হয়। এই বাণিজ্যকে ঘিরে পরিবহন, শ্রমিক ও আড়তদারসহ নানা শ্রেণি-পেশার মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। তবে হাটের বাণিজ্যিক পরিধি বাড়লেও সে তুলনায় অবকাঠামোগত উন্নয়ন হয়নি, যা কৃষক ও ব্যবসায়ীদের ভোগান্তি বাড়াচ্ছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই হাটজুড়ে ব্যস্ততা শুরু হয়। কোথাও সারি সারি কলার স্তূপ, কোথাও চলছে দরদাম, আবার কোথাও ট্রাকে কলা বোঝাইয়ের প্রস্তুতি। এই হাটে প্রতি ১০০ পিস হিসেবে কলা বিক্রি হয়। স্থানীয় পাইকারদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা এসব কলা কিনে ট্রাক ও পিকআপসহ বিভিন্ন যানবাহনে করে গন্তব্যে নিয়ে যান। স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিদিন ৩০ থেকে ৩৫টি ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে বিপুল পরিমাণ কলা এখান থেকে ঢাকা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজারসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় পাঠানো হয়।

ব্যবসায়ীরা জানান, বাজারে কলার সরবরাহ বাড়লেও আগের তুলনায় পাইকারদের আনাগোনা কিছুটা কমেছে। ফলে কৃষকেরা চাহিদামতো কলা বিক্রি করতে পারছেন না। এর মধ্যে কয়েক দিনের ব্যবধানে কলার দামও কমে যাওয়ায় উৎপাদন খরচ ও পরিবহন ব্যয় মিটিয়ে লাভের মুখ দেখা কঠিন হয়ে পড়েছে।

সদর উপজেলার বড় মাঝিপাড়ার কৃষক অহিদুল ইসলাম জানান, ১০ দিন আগেও প্রতি ১০০ পিস কলা ৪০০ টাকায় বিক্রি করেছেন, যা এখন ২৫০ টাকায় বিক্রি করতে হচ্ছে। হাটে প্রত্যাশা অনুযায়ী পাইকার না পাওয়ায় উৎপাদন খরচ তোলা দায় হয়ে পড়েছে। কলা ব্যবসায়ী লুৎফর রহমান জানান, গত বছর ভালো মানের প্রতি ১০০ পিস কলার দাম ছিল ৬০০ টাকা, যা এবার ৪০০ টাকায় নেমেছে। ফলন ভালো হওয়ায় বাজারে সরবরাহ বাড়ায় দাম কমেছে বলে তিনি জানান।

পাকুড়তলি গ্রামের কৃষক আমজাদ হোসেন জানান, ২৫ বিঘা জমিতে কলা চাষ করেছেন তিনি। জমি বর্গা ও উৎপাদন খরচ বাবদ প্রতি বিঘায় ব্যয় হয়েছে ৬০ হাজার টাকা। হাটের রাস্তাঘাটের বেহাল দশা এবং জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়ে যাওয়ায় এবার লাভের আশা দেখছেন না তিনি।

শুধু কৃষকেরা নন, হাটের অবকাঠামোগত সমস্যায় ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ীরাও। নওগাঁর বদলগাছী উপজেলার ব্যবসায়ী নিরঞ্জন চন্দ্র জানান, হাটের জায়গা ছোট হওয়ায় ট্রাক, ভটভটি ও পিকআপ ঠিকমতো প্রবেশ করতে পারে না। ফলে কলা ওঠানো-নামানো ও পরিবহনে সময় নষ্ট হয়। হাটের জায়গা সম্প্রসারণ এবং যানবাহন চলাচলের উপযোগী ব্যবস্থা করা হলে ব্যবসা আরও বাড়বে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, জয়পুরহাট জেলায় চলতি বছর প্রায় ৭০০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। ভালো ফলন ও লাভের সম্ভাবনা থাকায় জেলায় কলা চাষের পরিধি বাড়ছে। জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজু আলম সরকার জানান, দুর্গাদহ কলার হাটের অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে যোগাযোগব্যবস্থা ও পণ্য পরিবহনের সুবিধা বাড়ানো গেলে দেশের বিভিন্ন অঞ্চলে জয়পুরহাটের কলা দ্রুত ও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে কৃষক ও ব্যবসায়ীরা আরও বেশি লাভবান হবেন।

জয়পুরহাট কৃষি বিপণন কর্মকর্তা মেহেদী হাসান জানান, কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা দুর্গাদহ কলার হাটের বাণিজ্যিক সম্ভাবনা দিন দিন বাড়ছে। তবে এত বড় বাণিজ্যিক কর্মকাণ্ডের বিপরীতে হাটের অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় ভোগান্তি বাড়ছে।

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, তিনি ইতিমধ্যে কলার হাট সরেজমিনে পরিদর্শন করেছেন। হাটের জায়গা সম্প্রসারণ ও যানবাহন চলাচলের অসুবিধা দূর করতে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে এ জন্য সময় প্রয়োজন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]