স্বচ্ছ নীল জলরাশি, সোনালি বালুর বিস্তীর্ণ উপকূল, অর্ধচন্দ্রাকৃতির সৈকত আর সারি সারি নারকেলগাছ। প্রাকৃতিক সৌন্দর্যের এমন অনন্য সমাহারে পর্যটকদের মন জয় করেছে ভারতের গোয়ার পালোলেম সমুদ্রসৈকত। ২০২৬ সালের গ্লোবাল বিচ ইনডেক্সে এশিয়ার সেরা সমুদ্রসৈকতের স্বীকৃতি পেয়েছে এটি। বিশ্বের সেরা সৈকতের তালিকায় পালোলেমের অবস্থান ষষ্ঠ।
বিশেষত্ব হলো, বিশ্বের সেরা ২৫টি সমুদ্রসৈকতের তালিকায় জায়গা পাওয়া একমাত্র এশীয় সৈকত পালোলেম। গণমাধ্যমে প্রকাশিত এ তালিকা তৈরিতে বিশেষজ্ঞদের মনোনয়ন, হাজার হাজার পর্যটকের পর্যালোচনা এবং নাসার জলরাশির রং ও স্বচ্ছতাসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করা হয়েছে।
ভারতের পশ্চিম উপকূলে গোয়া রাজ্যের দক্ষিণাংশে অবস্থিত পালোলেম সৈকত। দুই পাশে পাহাড়ি ভূখণ্ড থাকায় এখানকার জল তুলনামূলক শান্ত। শীতের ক্রীড়া ও অবকাশযাপনের জন্যও সৈকতটি বেশ জনপ্রিয়। উত্তরের দিকে রয়েছে ছোট ছোট মনোরম দ্বীপ, কাছেই রয়েছে সবুজে ঘেরা জলাভূমি। নিরিবিলি পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্যের টানে সারা বছরই এখানে ভিড় করেন দেশ-বিদেশের পর্যটকেরা।
পালোলেমে কী কী দেখবেন
শুধু সমুদ্রের সৌন্দর্য উপভোগ নয়, পালোলেমে রয়েছে নানা ধরনের জলক্রীড়ার সুযোগ। সূর্যাস্তের সময় সৈকত ধরে হাঁটা, কাছের জলাভূমিতে কায়াকিং কিংবা মাঙ্কি আইল্যান্ডে প্যাডল করে যাওয়ার অভিজ্ঞতা নিতে পারেন পর্যটকেরা।
সকালের দিকে নৌকায় সমুদ্রে ঘুরে ডলফিন দেখারও সুযোগ রয়েছে। স্থানীয় পর্যটন সংস্থাগুলো এ জন্য নৌভ্রমণের আয়োজন করে। এ ছাড়া পালোলেমের কাছেই রয়েছে আগোন্ডা ও পাতনেমের মতো জনপ্রিয় আরও কয়েকটি সৈকত। প্রকৃতিপ্রেমীরা ঘুরে আসতে পারেন কোটিগাও বন্যপ্রাণী অভয়ারণ্য থেকেও।
যাঁরা ছুটিতে শরীর ও মনের প্রশান্তি খোঁজেন, তাঁদের জন্যও রয়েছে বিশেষ আয়োজন। পালোলেমের আশপাশে বেশ কয়েকটি যোগশিক্ষাকেন্দ্র রয়েছে। সেখানে যোগব্যায়াম ও ধ্যানের মাধ্যমে অবকাশযাপনকে আরও আনন্দময় করে তুলতে পারেন।
কীভাবে যাবেন পালোলেম সৈকতে
পালোলেমের নিকটতম বিমানবন্দর গোয়ার ডাবোলিম বিমানবন্দর। সৈকত থেকে এর দূরত্ব প্রায় ৬০ থেকে ৬৫ কিলোমিটার। বিমানবন্দর থেকে ট্যাক্সি নিয়ে সরাসরি পৌঁছানো যায় পালোলেমে।
ট্রেনে গেলে নামতে হবে কানাকোনা রেলস্টেশনে। সেখান থেকে অটোরিকশায় কয়েক মিনিটেই পৌঁছে যাওয়া যায় সৈকতে। এ ছাড়া মারগাঁও থেকে কানাকোনা পর্যন্ত নিয়মিত বাস চলাচল করে। আশপাশের বিভিন্ন সৈকত ও দর্শনীয় স্থান ঘুরে দেখতে পর্যটকেরা চাইলে স্কুটারও ভাড়া নিতে পারেন।
পালোলেম ভ্রমণের উপযুক্ত সময়
বছরের বেশির ভাগ সময়ই পালোলেমের আবহাওয়া মনোরম থাকে। তবে সৈকতে ঘোরাঘুরি, জলক্রীড়া ও আশপাশের দর্শনীয় স্থান উপভোগের জন্য নভেম্বর থেকে মার্চ মাসকে সবচেয়ে ভালো সময় হিসেবে বিবেচনা করা হয়।
বড়দিন ও ইংরেজি নববর্ষের ছুটিতে এখানে পর্যটকদের ভিড় বাড়ে। এ সময় পালোলেম ভ্রমণের পরিকল্পনা থাকলে হোটেল ও যাতায়াতের টিকিট আগেভাগে বুকিং করে রাখা ভালো।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর