শিল্পাঞ্চল আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, অযৌক্তিক ব্ল্যাকলিস্টিং বন্ধ, ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বাসন এবং গ্রেপ্তার শ্রমিকদের মুক্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে দুই শ্রমিক আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে আশুলিয়ার শতাধিক পোশাক কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নির্ধারিত সময়েই শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেন। তবে এনভয়, হলিউড, দ্য রোজ ও হামীম গ্রুপের নেক্সট কালেকশনসহ কয়েকটি কারখানার শ্রমিকরা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন শুরু করেন। একপর্যায়ে তারা জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের সড়ক থেকে সরে যেতে বলে। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিপেটা করে। এতে দুই শ্রমিক আহত হয়েছেন। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের চার থেকে পাঁচ সদস্যও আহত হয়েছেন।
সংঘর্ষে রাবার বুলেটের আঘাতে আহত স্টার্লিং স্টাইলস লিমিটেডের সুইং মেশিন অপারেটর রাজিয়া বেগম ও ফিনিশিং বিভাগের অপারেটর আলমগীর হোসেনকে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়।
আহত রাজিয়া বেগম বলেন, কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হলে তারা শান্তিপূর্ণভাবে বাড়ির উদ্দেশে রওনা হন। হঠাৎ পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে তিনি আহত হন।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশিদ জানান, রাবার বুলেটের আঘাত নিয়ে দুই পোশাক শ্রমিক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে রাজিয়া বেগমের মাথায় আঘাত থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর শ্রমিক আলমগীর হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, নরসিংহপুর এলাকার নিউএইজ কারখানার শ্রমিকরা সকালে কর্মস্থলে এসে মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে আশপাশের কারখানাগুলোর কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। তিনি আরও অভিযোগ করেন, শ্রমিকরা বাড়ি ফেরার পথে পুলিশ তাদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়া শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মাঠে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর