নামাজ শুরু করার পর তা যথাযথভাবে শেষ করা আবশ্যক। শরিয়তসম্মত কোনো কারণ ছাড়া নামাজ ছেড়ে দেওয়া জায়েজ নয়। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা নিজেদের আমল নষ্ট করো না।’ (সুরা মুহাম্মদ, আয়াত: ৩৩)
তবে বিশেষ প্রয়োজনে বা জরুরি পরিস্থিতিতে নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি রয়েছে। যেমন, নামাজরত অবস্থায় কেউ যদি নিজের সম্পদ বা প্রয়োজনীয় জিনিস চুরি হয়ে যাওয়ার আশঙ্কা করেন, তাহলে তা রক্ষার জন্য নামাজ ভেঙে চোরের পিছু নেওয়া জায়েজ।
এ বিষয়ে ইমাম কাতাদা (রহ.) বলেন, নামাজ আদায়রত ব্যক্তির কাপড় চুরি হয়ে গেলে তিনি নামাজ ছেড়ে চোরের পিছু নিতে পারবেন।
এর পক্ষে একটি হাদিসও রয়েছে। তাবেয়ি আযরাক ইবনে কায়স (রহ.) বর্ণনা করেন, একবার আবু বারযা আসলামী (রা.) ঘোড়ায় চড়ে কোথাও যাচ্ছিলেন। একপর্যায়ে তিনি ঘোড়াটি ছেড়ে নামাজে দাঁড়ান। কিন্তু ঘোড়াটি চলে যেতে শুরু করলে তিনি নামাজ ছেড়ে সেটির পিছু নেন এবং ধরে ফেলেন। এরপর ফিরে এসে নতুন করে নামাজ আদায় করেন। (সহিহ বুখারি, হাদিস: ১২১১)
এই হাদিসের ব্যাখ্যায় হাফেজ ইবনে হাজার আসকালানি (রহ.) বলেন, প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট বা হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকলে তা রক্ষার জন্য নামাজ ছেড়ে দেওয়া জায়েজ—এ হাদিসে তার প্রমাণ রয়েছে।
এ থেকে বোঝা যায়, সম্পদ বা প্রয়োজনীয় জিনিস রক্ষার জন্য যেখানে নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি রয়েছে, সেখানে মানুষের জীবন রক্ষার প্রয়োজন আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ মানুষের জীবন সম্পদ ও আসবাবপত্রের চেয়ে অনেক মূল্যবান।
সুতরাং, কেউ নামাজ আদায় করার সময় পাশে কোনো ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এবং তাঁর তাৎক্ষণিক চিকিৎসা বা সাহায্যের প্রয়োজন হলে, তাঁকে সহযোগিতা করার জন্য নামাজ ভেঙে দেওয়া জায়েজ। এ ক্ষেত্রে দেরি না করে প্রয়োজনীয় সহায়তা করতে হবে। পরে ওই নামাজ নতুন করে আদায় করে নিতে হবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর