মাছ, মাংস, ডিম কিংবা সবজি—প্রায় সব ধরনের রান্নাতেই পেঁয়াজের ব্যবহার রয়েছে। রান্নার স্বাদ ও ঘ্রাণ বাড়াতে পেঁয়াজের জুড়ি নেই। তবে পেঁয়াজের খোসা ছাড়াতে গিয়ে অনেক সময় এর গায়ে কালো দাগ বা কালো ধুলোর মতো গুঁড়া দেখা যায়। এমন পেঁয়াজ দেখে অনেকেই চিন্তায় পড়েন। প্রশ্ন জাগে, কালো দাগযুক্ত পেঁয়াজ খাওয়া কি নিরাপদ, নাকি ফেলে দেওয়াই ভালো?
পেঁয়াজের গায়ে কালো দাগ কেন হয়?
বিশেষজ্ঞদের মতে, পেঁয়াজের খোসায় দেখা যাওয়া কালো দাগের অন্যতম কারণ অ্যাসপারজিলাস নাইজার (Aspergillus niger) নামের এক ধরনের ছত্রাক। সাধারণত পেঁয়াজের বাইরের শুকনো খোসায় এই ছত্রাক জন্মায়। দেখতে কালো গুঁড়ো বা ধুলোর মতো হওয়ায় অনেক সময় এটি সাধারণ ময়লা বলে মনে হতে পারে।
উষ্ণ ও আর্দ্র পরিবেশে এই ছত্রাকের বিস্তার বেশি হয়। বিশেষ করে পেঁয়াজ এমন জায়গায় সংরক্ষণ করা হলে, যেখানে বাতাস চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা নেই, সেখানে ছত্রাক জন্মানোর আশঙ্কা বাড়ে।
কালো দাগযুক্ত পেঁয়াজ খাওয়া যাবে?
পেঁয়াজের বাইরের শুকনো খোসায় সীমাবদ্ধ কালো দাগ থাকলে সেটি সরিয়ে পেঁয়াজ ভালোভাবে পরিষ্কার করে ব্যবহার করা যেতে পারে। তবে পেঁয়াজের ভেতরের অংশেও ছত্রাক ছড়িয়ে পড়েছে কি না, তা খেয়াল করা জরুরি।
এ ধরনের ছত্রাক মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস নয়। তবে একে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত ভাবারও সুযোগ নেই। কারণ কিছু প্রজাতির অ্যাসপারজিলাস ছত্রাক থেকে ক্ষতিকর মাইকোটক্সিন তৈরি হতে পারে।
বিশেষ করে যাঁদের হাঁপানি, শ্বাসকষ্ট কিংবা ছত্রাকে অ্যালার্জি রয়েছে, তাঁদের এ ধরনের পেঁয়াজ পরিষ্কার করার সময় সতর্ক থাকা প্রয়োজন। কালো ছত্রাকযুক্ত অংশ বেশি ঘষাঘষি করলে এর স্পোর বাতাসে ছড়িয়ে পড়তে পারে।
কোন লক্ষণ দেখলে পেঁয়াজ ফেলে দেবেন?
শুধু বাইরের খোসার কালো দাগ দেখেই পেঁয়াজ ভালো না খারাপ, তা নির্ধারণ করা যায় না। পেঁয়াজের ভেতরের অবস্থাও পরীক্ষা করা জরুরি। কয়েকটি লক্ষণ দেখা গেলে পেঁয়াজটি খাওয়া থেকে বিরত থাকুন।
- পেঁয়াজের ভেতরের অংশে কালো ছত্রাক বা পচন দেখা গেলে।
- পেঁয়াজ অস্বাভাবিক নরম বা থেঁতলে গেলে।
- পেঁয়াজ থেকে পানি বা তরল বের হলে।
- পেঁয়াজে পচা বা অস্বাভাবিক দুর্গন্ধ পাওয়া গেলে।
- পেঁয়াজের ভেতরে পচন বা ছত্রাকের বিস্তার দেখা গেলে।
এ ধরনের পেঁয়াজ রান্নায় ব্যবহার না করে ফেলে দেওয়াই নিরাপদ।
পেঁয়াজ সংরক্ষণ করবেন যেভাবে
পেঁয়াজ দীর্ঘদিন ভালো রাখতে সংরক্ষণের জায়গা শুকনো ও বাতাস চলাচলের উপযোগী হওয়া প্রয়োজন। বাজার থেকে পেঁয়াজ কিনে এনে বন্ধ প্লাস্টিকের ব্যাগ বা বায়ু চলাচল বন্ধ এমন পাত্রে রাখা ঠিক নয়। বরং শুকনো, ঠান্ডা ও বাতাস চলাচল করে এমন জায়গায় পেঁয়াজ রাখুন। এতে আর্দ্রতা জমার আশঙ্কা কমবে এবং ছত্রাকের বিস্তারও নিয়ন্ত্রণে থাকবে।
তাই পেঁয়াজের গায়ে কালো দাগ দেখলেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে দাগের উৎস ও পেঁয়াজের ভেতরের অবস্থা ভালোভাবে পরীক্ষা করে তবেই রান্নায় ব্যবহার করা উচিত।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর