আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে আবেদনের খবরে প্রতিক্রিয়া জানিয়েছে সরকারসহ বিভিন্ন মহল। শেখ হাসিনা দণ্ডিত ও পলাতক থাকায় তার পাসপোর্ট পাওয়ার কোনো আইনগত সুযোগ নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, দণ্ডিত ও পলাতক আসামিকে রাষ্ট্রের পক্ষ থেকে পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হলে তা বিচারের সাথে প্রহসনের শামিল হবে। আইন অনুযায়ী, সর্বনিম্ন দুই বছরের সাজা হলেই কাউকে আর নতুন করে পাসপোর্ট দেওয়া যায় না। নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করায় আইনের ধারা অনুযায়ী তার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা ছাড়া আর কোনো পথ খোলা নেই বলেও তিনি উল্লেখ করেন।
একই ইস্যুতে হাইকোর্টে পৃথক এক ব্রিফিংয়ে জামায়াতের আইনজীবী শিশির মনির স্পষ্ট করেন, দণ্ডিত ও পলাতক আসামি হওয়ার কারণে শেখ হাসিনা পাসপোর্ট আবেদনের কোনো যোগ্যতা রাখেন না। ১৯৭৩ সালের পাসপোর্ট আদেশের ৬ ও ৭ অনুচ্ছেদ তুলে ধরে তিনি জানান, সাজাপ্রাপ্ত বা পলাতক ব্যক্তির ক্ষেত্রে সরকার পাসপোর্ট ইস্যু বা নবায়নে অস্বীকৃতি জানাতে পারে। ফলে প্রত্যর্পণ চুক্তির আওতা ছাড়া তার দেশে ফেরার সুযোগ নেই।
সর্বশেষ খবর