• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / শিক্ষা / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ১২:০৫ রাত

বিসিএসের আবেদন থেকে ফল প্রকাশ, সব অটোমেশনে: প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

বিসিএস পরীক্ষার আবেদন গ্রহণ থেকে শুরু করে চূড়ান্ত ফলাফল প্রকাশ পর্যন্ত সব কার্যক্রম অটোমেশনের আওতায় আনা হয়েছে। একই সঙ্গে প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ, সংরক্ষণ ও উত্তরপত্র মূল্যায়নে নিরাপত্তা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। এসব উদ্যোগের ফলে পরীক্ষার কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির সুযোগ কমেছে বলে জানিয়েছেন পিএসসি সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মুন্সীগঞ্জ-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. আব্দুল্লাহর তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার উত্তরপত্র ওএমআর মেশিনে স্ক্যান করে ফলাফল তৈরি করা হয়। ফলে ফলাফল প্রস্তুতের ক্ষেত্রে দুর্নীতি বা অনিয়মের সুযোগ নেই। অটোমেশনের বাইরে থাকা কিছু কার্যক্রমও এ প্রক্রিয়ার আওতায় আনার কাজ চলছে।

তিনি বলেন, বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে। আগে প্রশ্নপ্রণেতারা বাসায় বসে প্রশ্ন তৈরি করে কমিশনে জমা দিতেন। এখন তাঁদের পিএসসির নির্ধারিত গোপনীয় কক্ষে অবস্থান করে প্রশ্ন তৈরি করতে হয়। প্রশ্ন প্রণয়ন শেষে তা সিলগালা করে সংশ্লিষ্ট সদস্যের কাছে জমা দেওয়া হয়। পরে ওই সদস্যের তত্ত্বাবধানে একই দিন সিলগালা করা খাম ভল্টরুমে সংরক্ষণ করা হয়।

প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে ভল্টরুমে সার্বক্ষণিক চারজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। এ ছাড়া ভল্টরুম আধুনিকায়ন করা হয়েছে। সংশ্লিষ্ট সদস্য ও কমিশন মনোনীত কর্মকর্তারা ফেস লকের মাধ্যমে সেখানে প্রবেশ করতে পারেন। ভল্টরুম এলাকায় সাধারণের প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনের জন্য নির্ধারিত কক্ষে সিসিটিভিসহ সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রশ্ন তৈরির আগে প্রশ্নপ্রণেতাদের গতানুগতিক ধারার বাইরে প্রশ্ন তৈরি, পুনরাবৃত্তি পরিহার এবং গোপনীয়তা রক্ষার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

তিনি বলেন, আগে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র বিজি প্রেস অথবা আর্মি প্রিন্টিং প্রেসে মুদ্রণ করা হতো। বর্তমানে পিএসসির নিজস্ব ডিজিটাল প্রিন্টিং প্রেসে প্রশ্নপত্র ছাপানো হচ্ছে। মুদ্রণকাজের শুরু থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কমিশন সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা প্রেসে অবস্থান করেন। এ সময় তাঁদের কাছে বাইরে যোগাযোগের জন্য মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস থাকে না। প্রশ্নপত্র মুদ্রণের পুরো কার্যক্রম কমিশনের চেয়ারম্যান তদারকি করেন।

বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে সার্কুলার পদ্ধতি চালু করা হয়েছে। এ জন্য কমিশন একাধিক দল গঠন করেছে। এ পদ্ধতিতে পরীক্ষকেরা উত্তরপত্র বাসায় নিতে পারেন না; কমিশনে এসে নির্ধারিত দলের মাধ্যমে সেগুলো মূল্যায়ন করেন। কমিশনের নির্দেশনা, তদারকি ও নির্ধারিত সময়সীমা অনুসরণ করে একাধিক পরীক্ষকের মাধ্যমে উত্তরপত্র মূল্যায়ন করা হয়।

প্রতিমন্ত্রী আরও জানান, মৌখিক পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মৌখিক পরীক্ষা শুরুর মাত্র ৩০ মিনিট আগে কোন প্রার্থী কোন বোর্ডে পরীক্ষা দেবেন এবং কোন বিশেষজ্ঞ কোন বোর্ডে দায়িত্ব পালন করবেন, তা নির্ধারণ করা হয়। ফলে আগাম তথ্য জানার সুযোগ থাকে না।

তিনি বলেন, বিসিএসসহ সরকারি নিয়োগ পরীক্ষাকে প্রশ্নপত্র ফাঁস, আর্থিক দুর্নীতি ও ডিজিটাল জালিয়াতিমুক্ত করতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এসব পদক্ষেপ নিয়েছে।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]