• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ১১:২২ দুপুর

হাসিনার এনআইডি বাতিল নয়, লক করা হয়েছিল ড. ইউনূসের নির্দেশে

ফাইল ফটো

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে। সোমবার লন্ডনভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠানের মাধ্যমে ইমেইলে এ আবেদন পাঠানো হয়।

এ আবেদনের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এর সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য করা আবেদনের সত্যতা এবং আইনি ভিত্তি পরীক্ষা করা হচ্ছে।

২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর থেকে সেখানেই অবস্থান করছেন শেখ হাসিনা। গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন।

গত কয়েক মাসে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী মাসে, অর্থাৎ ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এরপর থেকেই তার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে।

এমন পরিস্থিতিতে আইনজীবীদের মাধ্যমে পাসপোর্ট ও এনআইডির আবেদন করার বিষয়টি সামনে আসে। তবে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সোমবার শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে বলেছেন, তাকে বাংলাদেশ থেকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না।

২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের পরপরই তৎকালীন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেয়। পরের বছর এপ্রিলে শেখ হাসিনাসহ পরিবারের ১০ সদস্যের এনআইডি লক বা স্থগিত করা হয়। তবে আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মতে, কারও পাসপোর্ট বাতিল হলে বাংলাদেশের আইন অনুযায়ী নতুন করে আবেদন করতে হয়। অন্যদিকে, কোনো নাগরিক মারা গেলেই কেবল তার এনআইডি বাতিল করা যায়।

তাদের ভাষ্য, শেখ হাসিনার এনআইডি এখনো লক অবস্থায় রয়েছে। এ কারণে নতুন করে এনআইডির আবেদন করার সুযোগ বা প্রয়োজন—কোনোটিই নেই।

যেভাবে লক করা হয়েছিল এনআইডি

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। এর কয়েক দিনের মধ্যেই তৎকালীন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করে। একই সময়ে তার লাল পাসপোর্টও বাতিল করা হয়।

এরপর ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন শাখা শেখ হাসিনা ও তার পরিবারের আরও নয় সদস্যের এনআইডি লক বা স্থগিত করে। এর অর্থ, তারা এনআইডি ব্যবহার করে কোনো কাজ করতে বা সেবা নিতে পারবেন না।

এনআইডি লক করার আগে শেখ হাসিনা ও শেখ পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করেছিল বাংলাদেশ ব্যাংক। সে সময় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশে এনআইডি লক করার সিদ্ধান্ত কার্যকর হয়েছিল বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়।

শেখ হাসিনা ছাড়াও যাদের এনআইডি লক করা হয়েছিল, তারা হলেন তার ছেলে সজীব ওয়াজেদ, মেয়ে সায়মা ওয়াজেদ, বোন রেহানা সিদ্দিক, ভাগনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক।

তবে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের এনআইডি কেন লক করা হয়েছিল, সে বিষয়ে তখন নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।

নির্বাচন কমিশনের এনআইডি শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কমিশনের মৌখিক নির্দেশে শেখ হাসিনাসহ ১০ জনের এনআইডি ব্লক করা হয়েছিল। তবে কী কারণে এ নির্দেশ দেওয়া হয়েছিল, তা তিনি জানাতে পারেননি।

মঙ্গলবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিবিসি বাংলাকে বলেন, বিভিন্ন কারণেই নির্বাচন কমিশন যে কারও জাতীয় পরিচয়পত্র লক বা ব্লক করতে পারে। এ ক্ষেত্রে আদালত বা দুর্নীতি দমন কমিশনের (দুদক) নির্দেশনা কিংবা কমিশনের নিজস্ব বিবেচনায় এনআইডি লক করা সম্ভব।

তবে শেখ হাসিনার এনআইডি কোন নির্দেশনার ভিত্তিতে লক করা হয়েছিল, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। ইসির এনআইডি শাখার কর্মকর্তারা জানিয়েছেন, তখন থেকে এখন পর্যন্ত শেখ হাসিনার এনআইডি লক অবস্থাতেই রয়েছে।

নতুন এনআইডির আবেদন কতটা জরুরি?

সোমবার দিল্লির বাংলাদেশ হাইকমিশনে আইনজীবীদের ইমেইলে পাঠানো আবেদনে শেখ হাসিনার জন্য পাসপোর্টের পাশাপাশি নতুন এনআইডি ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

তবে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র আইন অনুযায়ী, কোনো ব্যক্তি একবার এনআইডি পেয়ে গেলে নতুন করে আরেকটি এনআইডির আবেদন করার সুযোগ নেই।

ইসির এনআইডি শাখার এক কর্মকর্তা বি বিসি বাংলাকে বলেন, শেখ হাসিনার নামে আগে থেকেই একটি জাতীয় পরিচয়পত্র রয়েছে। সেটি বাতিল করা হয়নি, শুধু নির্বাচন কমিশনের নির্দেশে লক বা ব্লক করা হয়েছে। তাই নতুন করে এনআইডির আবেদন করলেও তার কোনো লাভ হবে না।

এ বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, কারও এনআইডি লক থাকার অর্থ হলো সেটির কার্যকারিতা স্থগিত রাখা। লক তুলে নেওয়া হলে আবারও এনআইডি সক্রিয় হয়ে যাবে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, কোনো ব্যক্তির নামে একটি এনআইডি থাকলে তিনি মারা না যাওয়া কিংবা নাগরিকত্ব ত্যাগ না করা পর্যন্ত সেটি বাতিল হয় না। আবার কেউ একবার ভোটার হলে বা তার নামে এনআইডি থাকলে নতুন করে আরেকটি এনআইডির আবেদন করার সুযোগও নেই।

এনআইডি শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বি বিসি বাংলাকে জানান, শেখ হাসিনার নামে আগে থেকেই একটি এনআইডি রয়েছে এবং সেটি বাতিল করা হয়নি। ফলে নতুন করে আবেদন করলেও তাকে দ্বিতীয়বার এনআইডি দেওয়ার সুযোগ নেই।

এদিকে, সোমবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত বি বিসি বাংলাকে বলেন, একসময় বিএনপি বলেছিল, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে স্বাগত জানানো হবে। অথচ সরকার এখন তাকে দেশে ফেরার ক্ষেত্রে কোনো সহযোগিতা করছে না। তাকে এনআইডি, পাসপোর্ট বা ট্রাভেল পাস দিতেও বাধা দেওয়া হচ্ছে।

নতুন পাসপোর্ট পাবেন কি শেখ হাসিনা?

গত বছরের জানুয়ারিতে অন্তর্বর্তী সরকারের আমলে শেখ হাসিনার কূটনৈতিক বা লাল পাসপোর্ট বাতিল করা হয়। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, পাসপোর্টের মাধ্যমে দেশের বাইরে যাওয়া এবং দেশে ফিরে আসা নাগরিকদের মৌলিক অধিকার।

বাংলাদেশের ১৯৭৩ সালের পাসপোর্ট আইন অনুযায়ী নাগরিকদের পাসপোর্ট প্রদান, বাতিলসহ এ-সংক্রান্ত অন্যান্য সিদ্ধান্ত নেওয়া হয়। আইনে বলা হয়েছে, নৈতিক স্খলনজনিত কারণে কোনো পাসপোর্টধারী ব্যক্তি দুই বছরের বেশি সময়ের জন্য দণ্ডিত হলে সরকার তার পাসপোর্ট বাতিল করতে পারে।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এক ব্রিফিংয়ে বলেন, আইন অনুযায়ী কোনো আসামি বিচারপ্রক্রিয়া এড়িয়ে গেলে বা পলাতক থাকলে তার পক্ষে পাসপোর্ট ইস্যু করা যাবে না।

সোমবার শেখ হাসিনার পাসপোর্টের জন্য আবেদনের বিষয়টি সামনে আসার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানায়, আইন অনুযায়ী এ আবেদনের কোনো কার্যকারিতা নেই।

এ বিষয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম বি বিসি বাংলাকে বলেন, ‘যেহেতু তার সাজা মৃত্যুদণ্ড হয়েছে, আইন অনুযায়ী শেখ হাসিনা আর বাংলাদেশি পাসপোর্ট পাবেন না। সুতরাং নতুন পাসপোর্টের জন্য তার যে আবেদন, সেটি একটি ব্যর্থ আবেদন।’

আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী নাগরিকদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার অধিকার রয়েছে। তবে গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের ক্ষেত্রে এসব অধিকার প্রয়োগের সুযোগ কিছুটা সীমিত।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]