• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ১২:০৬ দুপুর

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘মদ্যপ অবস্থায়’ হাসিনার নামে স্লোগান, আটক ৩

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায় এক কিলোমিটার দূরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেওয়ার অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের এক নেতা। এ সময় আরও চার যুবক মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান বলে দাবি করেছেন ওই নেতা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গুলশান-২ নম্বর চত্বরের কাছে ওয়েস্টিন হোটেলের সামনে এ ঘটনা ঘটে। পরে আটক তিন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য গুলশান থানায় নিয়ে যায় পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার সাব্বির হোসেন (২৯), পুরান ঢাকার চকবাজারের ফারহান আহম্মেদ (২৪) এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার সজিবুর রহমান (৩০)। সাব্বির মিরপুর-২ এবং সজিবুর মহাখালীর ওয়্যারলেস এলাকায় থাকেন।

তিন যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, রাতে গুলশান হয়ে বনশ্রীর বাসায় ফিরছিলেন তিনি। পথে ওয়েস্টিন হোটেলের সামনে কয়েক যুবককে শেখ হাসিনার নামে স্লোগান দিতে শুনে গাড়ি থামান। সেখানে চারটি মোটরসাইকেল রাখা ছিল। যুবকদের পরিচয় জানতে চাইলে তাদের চারজন মোটরসাইকেল নিয়ে দ্রুত চলে যান। তবে বাকি তিনজনকে আটকে রেখে পুলিশে খবর দেন তিনি।

রহিম আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আটক যুবকদের জিজ্ঞাসাবাদ করে। তখন তারা দাবি করেন, মদ্যপ অবস্থায় না বুঝে শেখ হাসিনার নামে স্লোগান দিয়েছেন। এ জন্য দুঃখও প্রকাশ করেন তারা। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তিন যুবককে আটকের পর ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। অনেকে তাদের ঘিরে রাখেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমকে বলেন, কয়েকজন যুবককে শেখ হাসিনার নামে স্লোগান দিতে শুনেছেন তিনি। পরে তাদের কয়েকজনকে মোটরসাইকেল নিয়ে চলে যেতে দেখেন। এ সময় অন্য একজনকে দৌড়ে তাদের ধরার চেষ্টা করতেও দেখেন।

তবে আটক যুবকদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর দিবাগত রাত ৩টার দিকে সংবাদমাধ্যমকে বলেন, তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হবে।

তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোন অভিযোগে মামলা করা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাননি পুলিশের এই কর্মকর্তা।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]