• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২২ সেকেন্ড পূর্বে
জি এম মাসুম বিল্লাহ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ১১:৪২ দুপুর

সাতক্ষীরার পশ্চিম সুন্দরবনে তিন দিনের ভ্রমণে নিষেধাজ্ঞা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সড়কপথে সুন্দরবন ভ্রমণে সাতক্ষীরার পশ্চিম সুন্দরবনের গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী ও কদমতলা—যে পথেই ভ্রমণ করা হোক না কেন, ট্রলার ছাড়ার পর থেকেই শুরু হয় প্রকৃতির অপরূপ সৌন্দর্য। দুই পাশে সারি সারি গরান, গেওয়া, কেওড়া ও সুন্দরী গাছের সবুজ দেয়াল এবং মাঝ দিয়ে বয়ে চলা খোলপেটুয়া, কালিন্দী, কপোতাক্ষ ও রায়মঙ্গল নদী পর্যটকদের মুগ্ধ করে। ভাটার সময় জেগে ওঠা চরে লাল কাঁকড়ার ছোটাছুটি কিংবা জোয়ারের সময় ডলফিনের লাফ দেখার মতো রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য সাতক্ষীরা রুটটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

তবে বর্তমানে সুন্দরবনের এই মনোরম দৃশ্য উপভোগ করতে পারছেন না দর্শনার্থীরা। গত ৬ নভেম্বর সুন্দরবন ভ্রমণে এসে ময়মনসিংহের ভালুকার রিয়াজ আহমেদ নামে এক পর্যটক নিখোঁজ হন। বন বিভাগ ও কোস্টগার্ডের টানা অভিযানে ৮ নভেম্বর রাতে আলোরকোলের মাথারখালের চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের তৈরি ট্রলারে তিন দিনের ভ্রমণে মৌখিকভাবে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করেছে বন বিভাগ। গত ৮ ও ৯ নভেম্বর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মুন্সিগঞ্জ ট্রলার মালিক সমিতির ক্যাশিয়ার মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রায় ৩৫ বছর ধরে মুন্সিগঞ্জ থেকে পর্যটকরা সুন্দরবন ভ্রমণ করছেন, কিন্তু এমন ঘটনা আগে ঘটেনি। এটি অত্যন্ত দুঃখজনক। পারমিশন বন্ধের বিষয়ে আমরা সমিতির মালিক ও শ্রমিকরা মিলে আলোচনা করে বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) সঙ্গে দেখা করব।

এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, আপাতত সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠবডির ট্রলারে তিন দিনের পারমিশন বন্ধ রাখা হয়েছে। তবে একদিনের পারমিশন পূর্বের নিয়মেই চলবে। তিন দিনের পারমিশন বন্ধের বিষয়ে পরিপত্র জারির প্রস্তুতি চলছে। নিষেধাজ্ঞা কত দিন স্থায়ী হবে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আপাতত অনির্দিষ্টকালের জন্য এটি বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, এর আগেও সুন্দরবনে বিভিন্ন সময়ে পর্যটকদের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ১৩ সেপ্টেম্বর ২০২৫ সালে কচিখালীর ডিমের চরে গোসল করতে নেমে স্রোতের টানে মাহিত আব্দুল্লাহ (১৬) নামে এক কিশোর পর্যটক মারা যান। এছাড়া ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি পশুর নদে পর্যটকবাহী জালি বোট ডুবে ১৩ জন পর্যটক উদ্ধার হন এবং ২০২৫ সালের ৮ নভেম্বর ঢাংমারি খালেও ১৩ পর্যটক নিয়ে একটি বোট ডুবির ঘটনা ঘটে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]