চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় বকুল (নাম) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত বকুল চুয়াডাঙ্গা শহরতলির দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার মৃত কুদরত আলীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৯ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়াড় দক্ষিণপাড়ায় বকুলের বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বাড়ির উঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বাড়ির ছাদে রাখা একটি সিগারেটের প্যাকেট থেকে ১৩টি বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশের তৎকালীন উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বাদী হয়ে বকুলের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
রায়ের পর্যবেক্ষণে আদালত জানান, রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর সংশ্লিষ্ট ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মামলায় ইতোমধ্যে হাজতবাসের সময় সাজা থেকে বাদ যাবে। একই সঙ্গে উদ্ধার করা আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত।
মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) সৈয়দ মাহমুদ শামীম রেজা ডালিম এবং আসামিপক্ষে আইনজীবী আরিফুল ইসলাম আরিফ মামলা পরিচালনা করেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর