গাজীপুর কালীগঞ্জের নাগরী ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিশেষ করে পূর্বাচল এলাকার জমিও দর আকাশচুম্বী হওয়ার সুবাদে এই ইউনিয়নকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের। সম্প্রতি জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শনে জন্মনিবন্ধন রেজিস্টারে অনিয়ম ধরা পড়ার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। এই ঘটনায় ইউপির প্রশাসনিক কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
গত ১১ নভেম্বর জেলা প্রশাসনের একটি টিম নাগরী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে যায়। সেখানে জন্মনিবন্ধন রেজিস্টার খতিয়ে দেখতে গিয়ে চরম অসংগতি দেখতে পান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শনে দেখা যায়, জন্মনিবন্ধন রেজিস্টারগুলো নিয়মমাফিক প্রত্যয়ন করা হয়নি। এমনকি রেজিস্টার খাতার শেষ ৪ থেকে ৫ পাতায় কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর পর্যন্ত পাওয়া যায়নি।
এই ঘটনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা, ২০১১-এর ৩৪ (ক) ও ৩৪ (খ) ধারা অনুযায়ী একে দায়িত্ব পালনে মারাত্মক অবহেলা ও অসদাচরণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরপর সহকারী কমিশনার নূর নাহিন নিশাদের স্বাক্ষরিত এক নোটিশে কেন ওই কর্মচারীর বিরুদ্ধে ৩৫ (ক) বা (খ) ধারা অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার সন্তোষজনক ব্যাখ্যা চাওয়া হয়েছে। নোটিশ পাওয়ার পরবর্তী ১০ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত এই প্রশাসনিক কর্মকর্তার নাম মনঞ্জয় দেবনাথ।
সার্ভার জালিয়াতি ও দ্বৈত নাগরিকদের এনআইডির অভিযোগ তদন্ত সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রগুলোর ভাষ্যমতে, নাগরী ইউনিয়নটি পূর্বাচলের কাছাকাছি হওয়ায় বর্তমান বাজারমূল্যে এখানে জমির দাম বহুগুণ বেড়ে গেছে। এই সুযোগে জন্মনিবন্ধন প্রক্রিয়ায় বড় অঙ্কের আর্থিক লেনদেনের জাল বিস্তার করেছে একটি চক্র। অভিযোগ রয়েছে, সার্কভুক্ত দেশের দ্বৈত নাগরিক এবং নির্দিষ্ট কিছু খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তিদের জন্মনিবন্ধন পাইয়ে দিতে লাখ লাখ টাকার লেনদেন হচ্ছে।
স্থানীয়দের একটি বড় অভিযোগ হলো, ইউপি কার্যালয় থেকে জন্মনিবন্ধনের জন্য বড় অংকের ঘুষ দাবি করা হয়। টাকা না দিলে ইচ্ছাকৃতভাবে অনলাইন ‘সার্ভার বন্ধ’ বা জটিল করে রাখা হয়, আর উৎকোচ পেলেই মুহূর্তের মধ্যে সার্ভার সচল হয়ে যায়। এছাড়া এই ভূয়া জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে কতিপয় দ্বৈত নাগরিক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। পরবর্তীতে সেই এনআইডির জোরে অতিমূল্যে জমি বিক্রি করে রাতের আঁধারে এলাকা ছেড়ে লাপাত্তা হয়েছেন তাঁরা। এসব অপকর্মে স্থানীয় কিছু দালাল চক্রের সঙ্গে ইউনিয়ন পরিষদের কোনো কোনো সদস্যের অনৈতিক যোগসাজশ রয়েছে বলেও গুঞ্জন রয়েছে। তবে এসব আর্থিক লেনদেন, দালাল চক্রের দৌরাত্ম্য বা দ্বৈত নাগরিকদের এনআইডি হাতিয়ে নেওয়ার বিষয়গুলো এখনো পর্যন্ত অভিযোগের পর্যায়ে রয়েছে এবং এর চূড়ান্ত সত্যতা নিশ্চিতকরণে আরও গভীরে অনুসন্ধান প্রয়োজন।
কর্তৃপক্ষের বক্তব্য সার্বিক বিষয়ে নাগরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর বেগম সংবাদমাধ্যমকে জানান, জন্মনিবন্ধনের মূল কাগজপত্রে কোনো ঘাটতি ছিল না। তবে গত দুই মাসের জন্ম ও মৃত্যুর তথ্য অনলাইনে আপডেট না করায় কিছু জটিলতা তৈরি হয়েছিল, যেগুলোকে বড় করে দেখা হচ্ছে।
এদিকে নিজের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা মনঞ্জয় দেবনাথ। সার্ভার ওপেন করার নামে টাকা নেওয়ার বিষয়ে তিনি উল্টো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “কারো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ওই অভিযোগকারীকে আমার পরিষদে ধরে নিয়ে আসুন।” তবে এ বিষয়ে তাঁর দাপ্তরিক বক্তব্য নিতে সাংবাদিকরা ইউনিয়ন পরিষদে গেলে তাঁকে পাওয়া যায়নি। পরবর্তীতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, সেদিন তিনি অফিসেই উপস্থিত ছিলেন না।
প্রশাসনিক এই শোকজ এবং জন্মনিবন্ধন নিয়ে স্থানীয়দের ক্ষোভের জেরে পুরো কালীগঞ্জজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নাগরী ইউনিয়ন পরিষদ।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর