• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ০৭:৪৯ বিকাল

পত্রিকা অফিস পুড়ানোর হুমকি দিয়ে কাপাল পুড়ল ছাত্রদল নেতার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কক্সবাজার থেকে প্রকাশিত অনলাইন সংবাদমাধ্যম ‘টেলিগ্রাম নিউজে’ একটি সংবাদ প্রকাশে ক্ষুব্ধ হয়ে প্রতিষ্ঠানটির কার্যালয় পুড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন কক্সবাজারের রামু সরকারী কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোর্শেদুল হক। একই সঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্যও করেছেন তিনি।

এই ঘটনায় দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে ওই ছাত্রদল নেতাকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সবধরণের পদ থেকে আজীবনের জন্য বহিস্কার করেছে কক্সবাজার জেলা ছাত্রদল। সংগঠনটির জেলা সভাপতি ফাহিমুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

সুত্রমতে, নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে কার্যালয় পুড়িয়ে দেয়ার হুমকির পাশাপাশি টেলিগ্রাম নিউজের বিরুদ্ধে ছাত্রদলকে ‘জোরালো পদক্ষেপ’ নেয়ার আহ্বান জানান মোর্শেদুল হক। একই সঙ্গে সাংবাদিকদের ‘কানের নিচে থাপ্পড় দিয়ে ক্যাপশন লেখা শেখানো’র কথাও উল্লেখ করেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ওই স্ট্যাটাসে মোর্শেদুল হক লেখেন, ‘টেলিগ্রাম নিউজ অফিসটা কোথায়? প্রথম আলোর মত জ্বালিয়ে দিতে হবে। কক্সবাজার ছাত্রদল কি জীবিত আছে?? থাকলে টেলিগ্রাম নিউজের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে হবে। কানের নিচে নিচে থাপ্পর দিয়ে দিয়ে ক্যাপশন লিখানো শিখাতে হবে এদের।’

তার এমন মন্তব্যকে কেন্দ্র করে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ নিয়ে আলোচনা তৈরি হয়।

টেলিগ্রাম নিউজের সম্পাদক ও দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন জানান, দৈনিক পূর্বকোণের কক্সবাজার সংবাদদাতা এরফান সম্প্রতি কক্সবাজার শহর ছাত্রদল নেতা রহিমুল্লাহ খান রানার পরিবারের বিরুদ্ধে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। এর জেরে গত মঙ্গলবার কক্সবাজার আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক এরফান হামলা ও হেনস্তার শিকার হন। এ ঘটনায় ছাত্রদল নেতা রহিমুল্লাহ খান রানার নেতৃত্বে একটি দল মব সৃষ্টি করে বলে অভিযোগ করেন এরফান।

সাংবাদিক এরফানের ওপর হামলা ও হেনস্তার ঘটনার পর টেলিগ্রাম নিউজ ওই ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করে। এরপর সংবাদটি সরিয়ে নিতে বিভিন্নভাবে তদবির করা হয়। এরই ধারাবাহিকতায় রামু কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোর্শেদুল হক নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই স্ট্যাটাস দেন।

জসিম উদ্দিন বলেন, একটি সংবাদ নিয়ে কারও আপত্তি থাকলে প্রতিবাদ, তথ্য-প্রমাণ উপস্থাপন কিংবা আইনগত পদক্ষেপ নেয়ার সুযোগ রয়েছে। কিন্তু সংবাদমাধ্যমের কার্যালয় পুড়িয়ে দেয়ার হুমকি, সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার আহ্বান কিংবা রাজনৈতিক শক্তি প্রয়োগের উসকানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সাংবাদিকের ওপর হামলার অভিযোগের পর সংবাদ প্রকাশকে কেন্দ্র করে ছাত্রদল নেতার এমন প্রকাশ্য মন্তব্য সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে ছাত্রদল নেতা মোর্শেদুল হকের বক্তব্য পাওয়া যায়নি।

কক্সবাজার জেলা ছাত্রদল সভাপতি ফাহিমুর রহমান সাংবাদিকদের বলেন, বিষয়টি সত্যিই আমাদের জন্য বিব্রতকর। যারা এ ধরণের স্ট্যাটাস দিয়েছেন, তাদের অনেকেই ছাত্রদলের নেতাকর্মী নন। তারপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। অতি উৎসাহী হয়ে যিনি স্ট্যাটাস দিয়েছেন, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এই মন্তব্যের পর জেলা ছাত্রদল দাপ্তরিক ভাবে মোর্শেদুল হককে সংগঠন থেকে ‘স্থায়ী ভাবে আজীবনের জন্য’ বহিস্কারের বিজ্ঞপ্তি প্রচার করে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কক্সবাজার জেলার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রামু সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোর্শেদুল হককে প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ার আজ (১১ নভেম্বর) এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]