• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ০৩:১০ দুপুর

পাহাড়-সমুদ্রের মিতালি, মেরিন ড্রাইভে মুগ্ধতার যাত্রা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

একদিকে সবুজে মোড়ানো পাহাড়, অন্যদিকে দিগন্তজোড়া নীল সমুদ্র। মাঝখান দিয়ে এঁকেবেঁকে চলে গেছে মেরিন ড্রাইভ সড়ক। কোথাও পাহাড়ের গায়ে ঘন বন, কোথাও সাগরের ঢেউয়ের অবিরাম আছড়ে পড়া, আবার কোথাও উপকূলঘেঁষা সবুজ ফসলের মাঠ। প্রকৃতির এমন অপূর্ব মেলবন্ধন যেন চোখের সামনে মেলে ধরেছে এক বিশাল ক্যানভাস। কক্সবাজার শহরের অদূরে দরিয়ানগরের এই দৃশ্য পথচারী ও পর্যটকদের মুহূর্তেই মুগ্ধ করে।

কক্সবাজার বলতেই অধিকাংশ মানুষের চোখে ভেসে ওঠে দীর্ঘ বালুকাবেলা, নীল সমুদ্র আর ঢেউয়ের ছন্দময় ছুটে চলা। তবে পরিচিত সমুদ্রসৈকতের বাইরেও এ জেলার প্রকৃতি সাজিয়েছে বিচিত্র সৌন্দর্যে। দরিয়ানগরের মেরিন ড্রাইভের এই অংশ তারই এক অনন্য উদাহরণ।

সড়ক ধরে এগোতে থাকলে এক পাশে চোখে পড়ে সারি সারি পাহাড়। গাঢ় সবুজে ঢাকা পাহাড়ের ঢালে ছড়িয়ে আছে নানা প্রজাতির গাছপালা ও বনজ উদ্ভিদ। অন্য পাশে উন্মুক্ত বঙ্গোপসাগর। দিগন্তের সঙ্গে মিশে যাওয়া জলরাশিতে একের পর এক ঢেউ এসে আছড়ে পড়ছে উপকূলে। মাঝখানের সড়কটি যেন পাহাড় আর সাগরের মধ্যে টেনে দেওয়া এক দীর্ঘ রেখা।

সম্প্রতি ড্রোনে ধারণ করা একটি ছবিতে ধরা পড়েছে দরিয়ানগরের প্রকৃতির এই অপূর্ব মেলবন্ধন। ওপর থেকে দেখলে সড়কটির সৌন্দর্য আরও বেশি ফুটে ওঠে। পাহাড় ও সমুদ্রের মাঝখান দিয়ে আঁকাবাঁকা পথে ছুটে চলছে যানবাহন। বিশাল প্রকৃতির তুলনায় সেগুলোকে মনে হয় ছোট ছোট বিন্দু। এক ফ্রেমে ধরা পড়েছে পাহাড়ের সবুজ, সাগরের নীল আর উপকূলের বিস্তীর্ণ ভূমি।

এই দৃশ্যের বিশেষত্ব শুধু পাহাড় কিংবা সমুদ্র নয়, বরং দুটির পাশাপাশি অবস্থান। একদিকে পাহাড়ের নিবিড় সবুজ, অন্যদিকে সমুদ্রের বিশালতা। এর সঙ্গে যুক্ত হয়েছে উপকূলের ফসলি জমি ও জনবসতি। প্রকৃতির এমন বৈচিত্র্য একই জায়গায় উপভোগ করার সুযোগ পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ তৈরি করেছে।

মেরিন ড্রাইভ তাই কেবল এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানোর সড়ক নয়, এটি যেন কক্সবাজারের উপকূলীয় প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ার এক দীর্ঘ জানালা। এই পথে চলতে চলতে কখনো চোখ আটকে যায় পাহাড়ের সারিতে, কখনো সমুদ্রের বিশালতায়। আবার কোনো বাঁক পেরোতেই সামনে খুলে যায় সবুজ জনপদের নতুন দৃশ্য।

ঢাকার উত্তরা থেকে বেড়াতে আসা তরুণ আইনজীবী সাফিন চৌধুরী বলেন, ‘মেরিন ড্রাইভ ধরে যতই এগোনো যায়, ততই যেন প্রকৃতির রূপ বদলে যেতে থাকে। একদিকে পাহাড়ের সবুজ হাতছানি, অন্যদিকে সমুদ্রের বিশালতা। কখনো সাগরের ঢেউয়ের শব্দ, কখনো পাহাড়ি গাছপালার নীরবতা। এমন পরিবেশে সড়ক ধরে চলাটাই ভ্রমণের অন্যতম আকর্ষণ।’

নীলফামারী থেকে আসা পর্যটক কায়সার কামালের কাছেও এই পথের অভিজ্ঞতা অন্য রকম। তিনি বলেন, ‘এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। গাড়িতে বসে একদিকে পাহাড়, অন্যদিকে সমুদ্র দেখতে দেখতে কখন যে পথ পেরিয়ে যায়, বোঝাই যায় না। মনে হয়, প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছি।’

নিরুপম নামের আরেক পর্যটক বলেন, ‘মেরিন ড্রাইভের সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, এখানে শুধু গন্তব্যে পৌঁছানোর আনন্দ নেই, পথটাও উপভোগ করার মতো। রাস্তার দুই পাশের দৃশ্য মনকে অন্য রকম প্রশান্তি দেয়। সুযোগ পেলে বারবার এখানে আসতে চাই।’

পরিবার নিয়ে ঘুরতে আসা ফরহান মিয়ার কাছে এই পথের সৌন্দর্য আনন্দের পাশাপাশি শিশুদের প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ারও সুযোগ। তিনি বলেন, ‘শিশুদের নিয়ে এমন সুন্দর পরিবেশে ঘুরতে পারা সত্যিই আনন্দের। এক পাশে পাহাড়, অন্য পাশে বিশাল সমুদ্র। প্রকৃতির এমন বৈচিত্র্য একসঙ্গে দেখার সুযোগ খুব বেশি জায়গায় নেই।’

বিশেষ করে তরুণ পর্যটকদের কাছে মেরিন ড্রাইভের এই অংশের আকর্ষণ আলাদা। কেউ গাড়ি থামিয়ে ছবি তুলছেন, কেউ পাহাড় ও সমুদ্রের দৃশ্য উপভোগ করছেন। আবার কেউ ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে কিছুটা সময় কাটাচ্ছেন প্রকৃতির সান্নিধ্যে। অনেকের কাছে এখানে পৌঁছানোই শেষ কথা নয়, বরং পথের প্রতিটি মুহূর্ত উপভোগ করাই ভ্রমণের বড় আনন্দ।

তবে প্রকৃতির এই সৌন্দর্য ধরে রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ। পাহাড়ের সবুজ, উপকূলের জীববৈচিত্র্য ও সমুদ্রের স্বাভাবিক পরিবেশ অক্ষুণ্ন রাখা না গেলে একসময় হারিয়ে যেতে পারে এই নৈসর্গিক দৃশ্য। পর্যটনের বিকাশের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও প্রয়োজন সচেতনতা ও দায়িত্বশীল আচরণ।

দরিয়ানগরের এই দৃশ্য আবারও মনে করিয়ে দেয়, কক্সবাজারের সৌন্দর্য শুধু সমুদ্রসৈকতের বালুকাবেলায় সীমাবদ্ধ নয়। পাহাড়, বন, কৃষিজমি, সমুদ্র আর উপকূলীয় জনপদের সম্মিলনেই গড়ে উঠেছে এ অঞ্চলের প্রকৃতির স্বতন্ত্র রূপ।

সবুজ পাহাড় আর নীল সমুদ্রের মাঝখানে ছুটে চলা মেরিন ড্রাইভ তাই নিছক একটি সড়ক নয়। এটি প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগের এক অনন্য অভিজ্ঞতা, যেখানে কখনো গন্তব্যের চেয়ে পথের সৌন্দর্যই হয়ে ওঠে বেশি আকর্ষণীয়।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]