• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ০৪:১৯ দুপুর
কপ-৩১ সম্মেলনে

জলবায়ু ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঋণ নয়, অনুদান চান প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোকে নতুন ঋণের পরিবর্তে অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দসহ ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে এসব প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উন্নয়নশীল দেশগুলোকে একদিকে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হচ্ছে, অন্যদিকে বাড়ছে ঋণ পরিশোধের চাপ। এ পরিস্থিতিতে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে পর্যাপ্ত সমর্থন।

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। অথচ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের আলোকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণকে পরস্পরের পরিপূরক হিসেবে এগিয়ে নিতে চায় সরকার।

শিল্পায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।

সবুজ শিল্পায়নের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রায় ৩০০টি তৈরি পোশাক কারখানা লিড সনদ পেয়েছে। বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানোর পাশাপাশি কার্বন বাণিজ্যের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজও চলছে।

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু অভিযোজন পরিকল্পনার অংশ হিসেবে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা জানান তিনি। এ ছাড়া পদ্মা ও তিস্তা ব্যারেজের মাস্টার প্ল্যান বাস্তবায়ন এবং ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের লক্ষ্য পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি হ্রাস, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো। উপকূলীয় পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের কাজও চলছে।

জলবায়ু অর্থায়নে পাঁচ দফা প্রস্তাব

বর্তমান আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নব্যবস্থাকে অপর্যাপ্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে এতে প্রতিফলিত হচ্ছে না। জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির পাশাপাশি ঋণ পরিশোধের বাড়তি চাপ এসব দেশের সংকট আরও গভীর করছে।

এ পরিস্থিতি মোকাবিলায় ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে পাঁচটি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

প্রথম প্রস্তাবে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী অভিযোজন কার্যক্রমে বরাদ্দের কথা বলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর উদ্যোগেও সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

দ্বিতীয় প্রস্তাবে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বিশেষ ঋণ-ত্রাণ সুবিধা চালুর কথা বলেন তিনি। এর মধ্যে জলবায়ু-সহনশীল ঋণ ধারা এবং ‘ডেট ফর ক্লাইমেট সোয়াপ’ বা জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ মওকুফের ব্যবস্থা রাখার প্রস্তাব দেন।

তৃতীয়ত, পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে উন্নয়নশীল দেশগুলোর ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত এবং প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আহ্বান জানান।

চতুর্থ প্রস্তাবে সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

পঞ্চমত, কপ-৩১ সম্মেলনে ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের প্রস্তাব করেন তিনি। ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যকে এ উদ্যোগের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন।

নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান

জলবায়ু মোকাবিলার কার্যক্রমে নারী ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ খাতে মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। একই সঙ্গে বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো জরুরি।

ভাষণের শুরুতে কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান তারেক রহমান। সম্মেলনের আলোচনাপ্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কপ-৩১ থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল প্রত্যাশা করে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ যেন সম্মেলনের সিদ্ধান্তে প্রতিফলিত হয়।

তিনি বলেন, শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না, সেগুলো বাস্তবায়ন করতে হবে। বৈশ্বিক সংহতি জোরদার করে সম্মিলিতভাবে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]