• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬, ০২:২৪ দুপুর

মানুষের ভিড় থেকে মুক্ত হয়ে প্রকৃতির পুনর্জন্ম ছেঁড়াদ্বীপে

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

দূরে নীল জলরাশির বুক চিরে জেগে আছে এক টুকরো ভূখণ্ড। কোথাও সাদা, কোথাও কালচে পাথরের সারি। ফাঁকে ফাঁকে প্রবালের অস্তিত্ব, সবুজ কেয়াবন আর ঢেউয়ের অবিরাম আছড়ে পড়া। সেন্টমার্টিনের দক্ষিণ প্রান্তে দাঁড়িয়ে থাকা এই দ্বীপটির নাম ছেঁড়াদ্বীপ। প্রকৃতির এমন রূপ কাছ থেকে দেখতে প্রতিবছরই ছুটে যান অসংখ্য পর্যটক। কিন্তু এবার সেই চেনা দৃশ্যের সঙ্গে যুক্ত হয়েছে নতুন এক বাস্তবতা। দ্বীপটি দেখা যাবে, তবে সেখানে পা রাখা যাবে না। মানুষের পদচারণ থামিয়ে প্রকৃতিকে নিজের মতো করে ফিরে আসার সুযোগ দিতে ছেঁড়াদ্বীপে পর্যটকদের প্রবেশ বন্ধ রেখেছে সরকার।

সেন্টমার্টিনের মূল দ্বীপ থেকে দক্ষিণে অবস্থিত ছেঁড়াদ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণের ভূখণ্ড। প্রবাল, শৈবাল, নানা আকৃতির পাথর, কেয়াগাছ এবং উপকূলীয় উদ্ভিদের সমন্বয়ে গড়ে উঠেছে এর স্বতন্ত্র প্রাকৃতিক পরিবেশ। কেওড়া ও সুন্দরীসহ বিভিন্ন প্রজাতির উদ্ভিদ দ্বীপটির সবুজ বেষ্টনী তৈরি করেছে। একই সঙ্গে জীবন্ত প্রবাল ও সামুদ্রিক প্রাণীর আবাসস্থল হিসেবে পরিবেশগতভাবেও গুরুত্বপূর্ণ এই দ্বীপ।

কিন্তু যে সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে, মানুষের অবাধ বিচরণ সেই সৌন্দর্যের জন্যই হয়ে উঠেছে হুমকি। পর্যটকদের পায়ের চাপে নষ্ট হচ্ছে নতুন লাগানো গাছের চারা। ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রবাল ও সামুদ্রিক প্রাণীর আবাসস্থল। অনেকে শামুক-ঝিনুকসহ বিভিন্ন সামুদ্রিক সম্পদ সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। এতে ধীরে ধীরে বিপন্ন হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে দ্বীপটির স্বাভাবিক পরিবেশের।

পরিবেশ অধিদপ্তরের সেন্টমার্টিনে কর্মরত নিরাপত্তারক্ষী আব্দুল হানিফ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ছেঁড়াদ্বীপে পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। গত বছরও প্রায় এক মাস পর্যটকদের সেখানে যাওয়া থেকে বিরত রাখার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে এবার দ্বীপটির পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পুরোপুরি প্রবেশ বন্ধ রাখা হয়েছে। নিষেধাজ্ঞার বিষয়টি বোঝাতে দ্বীপের বিভিন্ন প্রবেশপথে লাল পতাকা টাঙানো হয়েছে।

তিনি বলেন, প্রতিবছর ছেঁড়াদ্বীপে কেয়াসহ স্থানীয় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। কিন্তু চারাগুলো একটু বড় হওয়ার পর পর্যটকদের চলাচলে পায়ের চাপে নষ্ট হয়ে যায়। এ ছাড়া অনেকে দ্বীপ থেকে শামুক-ঝিনুকসহ সামুদ্রিক সম্পদ সংগ্রহ করে নিয়ে যান। এতে প্রাকৃতিক পরিবেশের ক্ষতি হচ্ছে।

সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ ভেড়ার পর থেকেই শুরু হয় দ্বীপের সৌন্দর্য উপভোগের ব্যস্ততা। তবে পর্যটকদের জানিয়ে দেওয়া হচ্ছে, কোথায় যাওয়া যাবে আর কোথায় যাওয়া যাবে না। জেটিঘাটে পরিবেশ অধিদপ্তরের সদস্যরা মাইকে ভ্রমণবিধি প্রচার করছেন। এর মধ্যে বিশেষভাবে জানানো হচ্ছে ছেঁড়াদ্বীপে প্রবেশের নিষেধাজ্ঞার কথা।

দ্বীপের বিভিন্ন প্রবেশপথে উড়ছে লাল পতাকা। নিষেধাজ্ঞা বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তরের সদস্যরা দিন-রাত দায়িত্ব পালন করছেন। তারপরও কিছু পর্যটক বিধিনিষেধ অমান্য করে সেখানে যাওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ছেঁড়াদ্বীপে যাওয়ার সুযোগ না থাকলেও দূর থেকে এর সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকেরা। তাদের কাছে কিছুটা আক্ষেপ থাকলেও পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তাও তারা বুঝতে পারছেন।

পর্যটক ইব্রাহীম আজাদ বলেন, সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের সৌন্দর্য একেবারেই আলাদা। দূর থেকে দেখেই এর আকর্ষণ বোঝা যায়। কাছ থেকে দেখার সুযোগ পেলে অভিজ্ঞতা আরও ভালো হতো। তবে সেন্টমার্টিন যে একটি প্রবাল দ্বীপ, সে বিষয়টি তারা জানেন। তাই এর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করা জরুরি।

তিনি বলেন, ব্যক্তিগতভাবে ছেঁড়াদ্বীপে যাওয়ার ইচ্ছা থাকলেও পরিবেশ সংরক্ষণের স্বার্থে সেই ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে সরকারি বিধিনিষেধ মেনে নেওয়াই উচিত। পর্যটকদের অবাধ যাতায়াতে দ্বীপটির কী ধরনের ক্ষতি হতে পারে, সেটিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

আরেক পর্যটক তালেব শাহ বলেন, সেন্টমার্টিনের অন্যতম আকর্ষণ ছেঁড়াদ্বীপ। দূর থেকে যতটুকু দেখেছেন, তাতেই জায়গাটিকে অত্যন্ত আকর্ষণীয় মনে হয়েছে। তবে সেখানে যেতে না পারায় দ্বীপটির বর্তমান অবস্থা সরাসরি দেখার সুযোগ হয়নি।

তালেব শাহের ভাষায়, ছেঁড়াদ্বীপে পর্যটকদের প্রবেশে সরকারি নিষেধাজ্ঞা যৌক্তিক। এটি একটি প্রবাল দ্বীপ। মানুষের অবাধ যাতায়াত অব্যাহত থাকলে এর প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হতে পারে। পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের উদ্যোগকে তারা সাধুবাদ জানান।

শুধু মানুষের প্রবেশ বন্ধ রাখাই নয়, ছেঁড়াদ্বীপের প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধারেও নেওয়া হয়েছে উদ্যোগ। দ্বীপটিতে চলছে বনায়ন কার্যক্রম। ইতিমধ্যে বিভিন্ন প্রজাতির ৬ হাজার ৫০০টির বেশি গাছের চারা রোপণ করা হয়েছে। এসব গাছের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করা এবং দ্বীপের সবুজ পরিবেশ ফিরিয়ে আনাই এ কার্যক্রমের লক্ষ্য।

সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মারুফ আহমেদ সৌখিন বলেন, ছেঁড়াদ্বীপে বর্তমানে বনায়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। দ্বীপটির প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধার ও গাছপালার স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে পরিবেশ মন্ত্রণালয় পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে। বনায়ন কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করা এবং দ্বীপটিকে তার স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনতেই এ উদ্যোগ।

তিনি আরও বলেন, সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্টগার্ডসহ স্থানীয় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। কোনো পর্যটক যাতে নির্দেশনা অমান্য করে দ্বীপে প্রবেশ করতে না পারেন, সে বিষয়ে তারা সতর্ক রয়েছেন।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা বলেন, গত বছরের মতো চলতি বছরও ছেঁড়াদ্বীপে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছে। কারণ, এ দ্বীপে এমন কিছু অনন্য জীববৈচিত্র্য রয়েছে, যা সেন্টমার্টিনের অন্য কোথাও দেখা যায় না। বিশেষ করে বিভিন্ন প্রজাতির জীবন্ত প্রবালের উপস্থিতি দ্বীপটিকে পরিবেশগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে।

তিনি বলেন, ছেঁড়াদ্বীপের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে সেখানে বিভিন্ন প্রজাতির ৬ হাজার ৫০০টির বেশি গাছের চারা রোপণ করা হয়েছে। জীববৈচিত্র্যে সমৃদ্ধ এই দ্বীপ সেন্টমার্টিনের একটি স্বতন্ত্র অংশ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর প্রাকৃতিক বৈশিষ্ট্য ও জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে।

ছেঁড়াদ্বীপের সৌন্দর্য উপভোগের আকাঙ্ক্ষা পর্যটকদের কাছে নতুন নয়। নীল জলরাশি, প্রবাল আর সবুজের মেলবন্ধন দেখতে সেখানে যাওয়ার আগ্রহ থাকবেই। কিন্তু প্রকৃতির এই সৌন্দর্য টিকিয়ে রাখতে হলে মানুষের কিছু ইচ্ছাকে আপাতত থামিয়ে রাখাও জরুরি। কারণ, একটি দ্বীপের সৌন্দর্য শুধু চোখে দেখার বিষয় নয়, তার অস্তিত্ব ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখাও সমান গুরুত্বপূর্ণ। তাই এবার ছেঁড়াদ্বীপে পর্যটকদের জন্য বন্ধ দরজা খুলছে না। মানুষের পদচারণ থেকে কিছুটা মুক্ত হয়ে প্রকৃতি যেন নিজের ক্ষত নিজেই সারিয়ে নিতে পারে, আপাতত সেই অপেক্ষা।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]