• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬, ১২:১১ দুপুর

নেতানিয়াহু-আইজেনকট বৈঠক, ইরানে এখনই হামলা করবে না ইসরায়েল

ছবি: সংগৃহীত

ইরানে তাৎক্ষণিকভাবে সামরিক হামলা চালানোর মতো জরুরি পরিস্থিতি নেই বলে মনে করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সরকার গঠনের দায়িত্ব পাওয়া ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকটের মধ্যে এক নিরাপত্তা ব্রিফিংয়ে সেনাবাহিনীর এ অবস্থান তুলে ধরা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১৩-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহু ও আইজেনকটের ওই বৈঠকে নেতানিয়াহুর সামরিক সচিব মেজর জেনারেল গাই মার্কিজেনোও উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে আইডিএফের পক্ষ থেকে জানানো হয়, ইরানে এমন কোনো নতুন পরিস্থিতির সৃষ্টি হয়নি, যার কারণে ইসরায়েলের অবিলম্বে সামরিক অভিযান চালানো প্রয়োজন।

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানে নতুন করে হামলা শুরু করেন, তাহলে ইসরায়েলেরও সেই যুদ্ধে যোগ দেওয়া উচিত বলে ব্রিফিংয়ে জানানো হয়েছে।

এর আগে চ্যানেল ১২-কে একটি সূত্র জানিয়েছিল, নেতানিয়াহুর দেওয়া গোয়েন্দা তথ্য ও নিরাপত্তা ব্রিফিংয়ের পর আইজেনকট ইরান পরিস্থিতি এবং প্রধানমন্ত্রীর অবস্থান সম্পর্কে নতুনভাবে বুঝতে পারবেন। সূত্রটির ভাষ্য, পূর্ণাঙ্গ গোয়েন্দা চিত্র জানার পর নেতানিয়াহুর উদ্দেশ্য নিয়ে আইজেনকটের সন্দেহ থাকবে না।

তবে নিরাপত্তা কর্মকর্তাদের মূল্যায়ন এবং নেতানিয়াহুর অবস্থানের মধ্যে পার্থক্যের বিষয়টি চ্যানেল ১৩-এর প্রতিবেদনে উঠে এসেছে।

বৈঠকের এক দিন আগে আইজেনকট প্রকাশ্যে অভিযোগ করেছিলেন, নেতানিয়াহু তাঁকে নিরাপত্তা ব্রিফিং দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এ বিষয়ে তিনি অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারার হস্তক্ষেপও কামনা করেন। একই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে সতর্ক করে তিনি বলেছিলেন, এমন সিদ্ধান্ত ইসরায়েলের গণতন্ত্রের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

এদিকে, ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সম্প্রতি ইরানের সঙ্গে সংঘাত পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ইসরায়েলি সামরিক প্রতিনিধিদের প্রস্তুত থাকতে জানিয়েছে। উপসাগরীয় আরব দেশগুলোকেও সম্ভাব্য সংঘাত পুনরায় শুরু হওয়ার বিষয়ে অবহিত করা হয়েছে বলে এক মার্কিন সূত্রের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে নেতানিয়াহুর জোট সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারায়। এরপর ৮ নভেম্বর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইনপ্রণেতাদের কাছ থেকে সর্বাধিক সুপারিশ পাওয়ায় আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন। তবে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে ইরানের সঙ্গে সংঘাত শুরু হয়। এর জেরে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করে দেয়। এতে বিশ্ব জ্বালানি বাজার ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়ে। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ আরোপ করে এবং হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেয়।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]