সার সংকট, সার ডিলার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণ এবং দফায় দফায় কৃষি উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চুয়াডাঙ্গার দামুড়হুদায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা ঈদগাহ ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘কৃষকের ন্যায্য অধিকার ও জনস্বার্থ রক্ষায় প্রতিবাদ হোক ঐক্যবদ্ধ’—স্লোগানকে সামনে রেখে উপজেলা জামায়াতে ইসলামী এ সমাবেশের আয়োজন করে।
উপজেলা জামায়াতের আমির নায়েব আলীর সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আবেদুদ্দৌলা টিটোন। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন।
সমাবেশে বক্তারা বলেন, কৃষক দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। অথচ সার সংকট, সার ডিলার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণ এবং কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির কারণে কৃষকেরা নানা সংকটে পড়েছেন। কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে অবিলম্বে সারের কৃত্রিম সংকট দূর করে প্রকৃত কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি হাফেজ মুহসিন এমদাদুল্লাহ জামেন।
এ ছাড়া বক্তব্য দেন দামুড়হুদা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবেদুদ্দৌলা টিটোন, কার্পাসডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল গফুর এবং নাটুদাহ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা উমর ফারুক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল বাশার ও রফিকুল ইসলাম জিয়া, যুব বিভাগের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেক, অফিস সম্পাদক ইখতিয়ার হোসেন, হাউলী ইউনিয়ন আমির ওবায়দুল হক, দামুড়হুদা ইউনিয়নের ভারপ্রাপ্ত আমির মাওলানা আলিম উদ্দিন, নাটুদাহ ইউনিয়ন আমির শামসুজ্জোহা এবং নতিপোতা ইউনিয়নের ভারপ্রাপ্ত আমির মঞ্জুরুল করিম লাভলুসহ স্থানীয় জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন এলাকার কৃষকেরা।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর