• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬, ০৯:২৪ সকাল

যারা মাহফিলে বাঁধা দেয় তাদের জন্মের ঠিক নাই: আমির হামজা

ছবি: সংগৃহীত

কোরআনের মাহফিলে বাধা দেওয়া ব্যক্তিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। তিনি বলেছেন, কোরআনের মাহফিলে যারা অতীতে বাধা দিয়েছে, বর্তমানে দিচ্ছে এবং ভবিষ্যতেও দেবে, তারা মুসলমান হলেও ‘তাদের জন্মের ঠিক নেই’।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে আমির হামজা বলেন, কোরআনের মাহফিলে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাধা দেয়, তাদের এমন মন্তব্যের মুখে পড়তে হবে। নবীজির সময়েও দ্বীনের কাজে বাধা দেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি মাহফিলে বাধাদানকারীদের উদ্দেশে বিতর্কিত ও আক্রমণাত্মক শব্দ ব্যবহার করেন।

মাহফিলে নিজের নামে ছড়িয়ে পড়া কথোপকথনের অডিও প্রসঙ্গেও কথা বলেন আমির হামজা। তিনি বলেন, ছয় বছর আগের কোনো ঘটনার অডিও এখন প্রকাশ করা হচ্ছে। কোনো নারীর সঙ্গে অন্য কারও কথোপকথন তাঁর নামে চালিয়ে দেওয়া হচ্ছে। এতদিন এসব প্রকাশ না করে এখন সামনে আনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখা দরকার।

তিনি আরও বলেন, ২০১২ সাল থেকে তিনি কোরআনের ময়দানে বক্তব্য দিয়ে আসছেন। অথচ ২০২৬ সালে মনোনয়ন পাওয়ার পরই এসব বিষয় সামনে আনা হচ্ছে।

নারীদের প্রসঙ্গেও বক্তব্য দেন আমির হামজা। তিনি দাবি করেন, আল্লাহ ও রাসুলের পর তিনি নারীদের সবচেয়ে বেশি সম্মান করেন। তবে একই বক্তব্যে রাস্তায় ছেলেদের সঙ্গে মিছিলে অংশ নেওয়া নারীদের নিয়ে কটাক্ষ করেন এবং আপত্তিকর মন্তব্য করেন।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব। এ ছাড়া স্থানীয় জামায়াতের সাবেক আমির ওলিয়ার রহমান এবং মুহাদ্দিস শাফিউর রহমান আফসারীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে আমির হামজার মাহফিল আয়োজনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

একই দিন ওই স্থানে পাল্টা মাদকবিরোধী সমাবেশের ডাক দেয় ‘সচেতন কালীগঞ্জবাসী’। পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় কালীগঞ্জ থানায় জরুরি সমঝোতা সভা হয়। সেখানে বিতর্কিত ও রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে মাহফিল আয়োজনের বিষয়ে বিএনপি ও জামায়াত একমত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিবসহ স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।

বিতর্কিত বক্তব্যের কারণে মাহফিল ঘিরে নতুন করে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]