যশোরে জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ আদালতের ফটক এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। বিস্ফোরক আইনের ধারায় মামলাটি দায়ের করেছেন কোতোয়ালি থানার এসআই রাইসুল ইসলাম।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পৃথক দুটি স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর রাতে শহরজুড়ে বিশেষ অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে পুলিশ।
মামলার আসামিরা হলেন—মনিরুজ্জামান লাবলু, লাভলু, কাজী বাকেরুল ইসলাম ইরান, আরমান হোসেন রিজভী, ডালিম হোসেন, সম্রাট, তানভির, হৃদয়, ভোমর বাপ্পি, আইজুল, তুহিন, শিপন ভাগ্নে, দেলো, মোহন আলী, ব্ল্যাক মামুন, অমিত কর্মকার, আবুজার হোসাইন, ইকবাল বাদশা রনি, সুমন, আবির ও জাফর।
আটককৃতরা হলেন—মনিরুজ্জামান লাবলু, লাভলু, কাজী বাকেরুল ইসলাম ইরান, আরমান হোসেন রিজভী, ডালিম হোসেন, আব্দুল আলিম গাজী, শরিফুল ইসলাম ও সানোয়ার হোসেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে এসআই রাইসুল ইসলাম জানতে পারেন, জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ আদালতের ফটকের সামনে এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পেছনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সহকারী জজ আদালতের ফটকের সামনে থেকে বিস্ফোরিত টিনের কৌটার অংশবিশেষ ও কালো স্কচটেপের টুকরা উদ্ধার করে। একই সময়ে রাত ৮টা ৩৫ মিনিটের দিকে প্যারিস রোড থেকে আদালত ভবনের পেছনের দিকে ককটেলসদৃশ হাতবোমা নিক্ষেপ করা হয়। বোমাটি আদালত ভবনের পেছনের প্রবেশ পথের ডান পাশে প্রাঙ্গণের ভেতরে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। পুলিশ ওই স্থান থেকে ছয়টি বিয়ারিং বল, দুটি কালো স্কচটেপের টুকরা এবং বিস্ফোরিত টিনের কৌটার অংশবিশেষ উদ্ধার করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় সদস্য। শান্তিশৃঙ্খলা নষ্ট ও যশোরকে অস্থিতিশীল করতে তারা এসব নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর