• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৪৫ দুপুর

‘আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, টকশো ছাড়লেন রাশেদ

ছবি: সংগৃহীত

সরাসরি সম্প্রচারিত রাজনৈতিক টকশোতে সহ-আলোচকের ‘ফালতু লোক’ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছেড়ে উঠে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। মন্তব্যটি প্রত্যাহার এবং উপযুক্ত প্রতিকার দাবি করলেও সংশ্লিষ্ট আলোচক তা না করায় শেষ পর্যন্ত লাইভ অনুষ্ঠান ত্যাগ করেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত টকশোতে এ ঘটনা ঘটে। আলোচনার একপর্যায়ে রাশেদ খাঁন ও সহ-আলোচক ডক্টর আব্দুল মান্নানের মধ্যে বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে তীব্র বাক্‌বিতণ্ডা শুরু হয়। এ সময় আব্দুল মান্নান রাশেদ খাঁনকে উদ্দেশ করে ‘ফালতু লোক’ মন্তব্য করেন।

এ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে রাশেদ খাঁন বলেন, জাতীয় গণমাধ্যমের সামনে একজন রাজনৈতিক নেতাকে উদ্দেশ করে এ ধরনের আক্রমণাত্মক ভাষা ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অনুষ্ঠানের সঞ্চালকের কাছে তাৎক্ষণিক সমাধান ও উপযুক্ত প্রতিকার দাবি করেন। একই সঙ্গে জানান, আত্মসম্মান বিসর্জন দিয়ে সেখানে বসে থাকা তার পক্ষে সম্ভব নয়।

পরিস্থিতি সামাল দিতে অনুষ্ঠানের সঞ্চালক মানিক ওই ভাষা ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি অনুষ্ঠানের পক্ষ থেকে ডক্টর মান্নানের বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার প্রস্তাব দিয়ে রাশেদ খাঁনকে আলোচনায় থাকার অনুরোধ জানান।

তবে এ প্রস্তাবে রাজি হননি রাশেদ খাঁন। তিনি জানান, যিনি সরাসরি কটূক্তি করেছেন, তাকেই নিজের বক্তব্য প্রত্যাহার করতে হবে। সংশ্লিষ্ট আলোচক মন্তব্য প্রত্যাহার না করায় এবং অন্য কোনো সমাধান না আসায় শেষ পর্যন্ত সঞ্চালক ও দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে স্টুডিও থেকে বেরিয়ে যান তিনি।

অনুষ্ঠানে নিজের অবস্থানের ব্যাখ্যায় ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া, কারাবরণ এবং শেখ হাসিনার আমলে মামলায় রিমান্ডে নির্যাতনের শিকার হওয়ার প্রসঙ্গও তুলে ধরেন রাশেদ খাঁন। তাঁর ভাষ্য, রাজনৈতিক সংগ্রাম ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে আসার পর আত্মসম্মান বিসর্জন দিয়ে আলোচনায় থাকা তাঁর পক্ষে সম্ভব নয়।

এর আগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির কয়েকজন নেতার সঙ্গে ভারতীয় এক গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠকের অভিযোগ তুলেছিলেন রাশেদ খাঁন। তাঁর দাবি ছিল, গত ১৬ অক্টোবর রাজধানীর বারিধারায় ওই বৈঠক হয়। তবে অভিযোগ অস্বীকার করে মিয়া গোলাম পরওয়ার এটিকে অসত্য বলে দাবি করেন এবং প্রমাণ দিতে বলেন। রাশেদ খাঁন নিজের অভিযোগকে সত্য বলে দাবি করেন।

এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে গত ১১ নভেম্বর জাতীয় সংসদেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান অভিযোগটি নাকচ করে বলেন, কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করার ইতিহাস তাঁদের নেই। তাঁরা রাজনৈতিক দল, তাই রাজনৈতিক প্রতিপক্ষ ও বন্ধুদের সঙ্গেই বসেন।

পরদিন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন জামায়াত আমিরের বক্তব্যের সমালোচনা করেন। সেখানে তিনি প্রশ্ন তোলেন, শেখ হাসিনাবিরোধী আন্দোলনে ভূমিকা রাখার পরও তাঁকে কেন ‘ফালতু’ বলা হলো। এর ধারাবাহিকতায় শুক্রবারের টকশোতে একই ধরনের মন্তব্যের মুখে অনুষ্ঠান ছেড়ে যাওয়ার ঘটনা ঘটে।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]