বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথে বাধা দেওয়ার মতো কেউ নেই। দলটি শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাতে হতো না।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীর উপজেলা প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার মানুষের আস্থার ভিত্তি ধ্বংস করেছে। সরকারের কর্মকাণ্ডে ফ্যাসিবাদের বিভিন্ন লক্ষণ দেখা যাচ্ছে। এ জাতি অতীতেও বারবার অপশক্তির নির্যাতনের শিকার হয়েছে। তবে প্রতিবারই সেই শক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে দেশের মানুষের অনেক প্রত্যাশা থাকলেও সরকার রাষ্ট্র সংস্কারের পথ থেকে সরে এসেছে।
সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বা কারচুপি ঠেকাতে নেতাকর্মীদের সাংগঠনিক শক্তি বাড়াতে হবে এবং সজাগ দৃষ্টি রাখতে হবে।
শিক্ষাব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি অভিযোগ করেন, শিক্ষা নিয়ে চরম ষড়যন্ত্র চলছে। চর দখলের মতো জোর করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ও কলেজের অধ্যক্ষ নিয়োগ দেওয়া হচ্ছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর