• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
মোঃ এস হোসেন আকাশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬, ০৭:৪৯ বিকাল

বিগত সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কিশোর গ্যাংকে উৎসাহিত করা হতো

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, মাদক, কিশোর গ্যাং ও অপরাধপ্রবণতা অতীতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়েছে। বিগত সময়ে এসব অপরাধকে বিভিন্নভাবে উৎসাহিত করা হয়েছে এবং অনেক জনপ্রতিনিধিও এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণে শহরে অপরাধ নিয়ন্ত্রণে সিসিটিভি ক্যামেরা স্থাপন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মো. শরীফুল আলম বলেন, মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে চায়। অপরাধী যে দলেরই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এমনকি নিজের দলের কেউ অপরাধে জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, বর্তমান সরকারের মূল অঙ্গীকার হলো দেশে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা। প্রধানমন্ত্রী নেতৃত্বে সরকার এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে।

প্রতিমন্ত্রী বলেন, মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধপ্রবণতা আজ সমাজে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এগুলো আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। বিগত সময়ে অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে এসব অপরাধে পৃষ্ঠপোষকতা করা হতো, উৎসাহিত করা হতো। অনেক জনপ্রতিনিধিও বিভিন্নভাবে এসব কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হয়ে যেতেন।

কিশোরগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব পাওয়ার পর পুলিশ সুপার পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিচ্ছেন। জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে শহরকে শান্তিপূর্ণ, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় শহরে সিসিটিভি ক্যামেরা স্থাপনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, কিশোরগঞ্জ শহরে ২৫০টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে। শহরের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ উদ্যোগে সহযোগিতা করেছেন। তাদের সহযোগিতায় প্রাথমিকভাবে ৭৫টি ক্যামেরা দিয়ে কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, মাদক, ছিনতাই, চাঁদাবাজি যে প্রক্রিয়াতেই হোক, আমরা এগুলো নির্মূল করতে চাই। কোনো অপরাধীর রাজনৈতিক পরিচয় দেখার প্রয়োজন নেই। সে কোন পরিবারের, কোন দলের বা কোন বংশের, সেটি বিবেচ্য বিষয় নয়। চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে শরীফুল আলম বলেন, অনেক সময় চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতারের পরও বিভিন্ন আইনি জটিলতার কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে। গ্রেফতারের সময় মাদক উদ্ধার না হলে মামলা পরিচালনায় জটিলতা তৈরি হয়। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সরকার আইনি ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, খুব দ্রুত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানো হবে। তাদের অস্ত্র দেওয়া, গ্রেফতারের ক্ষমতা দেওয়া এবং ডোপ টেস্টের মাধ্যমে মাদক সেবন শনাক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। কেউ এক সপ্তাহ আগেও মাদক সেবন করে থাকলে পরীক্ষায় তার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

পুলিশ প্রশাসনের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, চিহ্নিত পেশাদার মাদক কারবারি ও অপরাধীদের তালিকা করে ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। পাশাপাশি পুলিশের মনোবল ও সক্ষমতা বাড়ানোর বিষয়েও সরকার কাজ করছে।

তিনি বলেন, পুলিশের লজিস্টিকসের অভাব রয়েছে। গাড়ি ও জনবলের প্রয়োজন আছে। এসব বিষয় সরকার বিবেচনা করছে। আইজিপি ও ডিআইজির সঙ্গে নিয়মিত আলোচনা হচ্ছে। জনবল নিয়োগের প্রক্রিয়াও চলছে। পর্যায়ক্রমে এসব সংকটের সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তবে শুধু পুলিশের ওপর নির্ভর করে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয় উল্লেখ করে শরীফুল আলম বলেন, সামাজিক ও রাজনৈতিক নেতাদের, জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং এলাকার সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। পুলিশ কোনো ঘটনা সম্পর্কে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে অনেক সময় দেরি হয়ে যায়। তাই অপরাধ প্রতিরোধে স্থানীয় মানুষেরও দায়িত্ব রয়েছে।

সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা ব্যাখ্যা করে তিনি বলেন, ক্যামেরা স্থাপন করলেই অপরাধী সঙ্গে সঙ্গে ধরা পড়বে, বিষয়টি এমন নয়। তবে কোনো ঘটনা ঘটলে ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সময়, স্থান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। এ কারণে পুরো শহরকে ধীরে ধীরে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা প্রয়োজন।

শহরের যানজট ও ফুটপাতের হকারদের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কিশোরগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে হবে এবং ফুটপাত দখলমুক্ত করার প্রয়োজন রয়েছে। তবে হকারদের জীবিকার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।

তিনি বলেন, ফুটপাতের হকারদের উচ্ছেদ করলেই সমস্যার সমাধান হবে না। তারা দীর্ঘদিন ধরে এভাবে জীবিকা নির্বাহ করছেন। তাই এমন পরিকল্পনা করতে হবে, যাতে তাদের বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা থাকে। ব্যবসা-বাণিজ্য ও জীবন-জীবিকা চালিয়ে যাওয়ার সুযোগ রেখেই ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নিতে হবে।

সাংবাদিকদের উদ্দেশে শরীফুল আলম বলেন, সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে হবে। সাদা-কালোকে সেভাবেই উপস্থাপন করতে হবে। কিশোরগঞ্জকে সুন্দর, স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক সমাজ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, অনেক কষ্ট, সংগ্রাম ও রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণ করতে চায় সরকার। মানুষ শান্তি ও স্বস্তি চায়। কিশোরগঞ্জবাসীকে একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য শহর উপহার দেওয়ার লক্ষ্য রয়েছে। পর্যায়ক্রমে কিশোরগঞ্জের অন্যান্য উপজেলাকেও সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এ জন্য পুলিশ সুপারকে স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদেরও এ কাজে সহযোগিতার পরামর্শ দেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহীদুল্লাহ্ কায়সার বলেন, কিশোরগঞ্জে চুরি-ছিনতাইয়ের ঘটনা প্রচুর বেড়েছে। প্রতিটি আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়। কিন্তু অপরাধ নিয়ন্ত্রণে আসেনি। সিসিটিভি ক্যামেরা স্থাপন একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে শহরের চুরি-ছিনতাই নিয়ন্ত্রণে আসবে বলে আশা করি।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন বলেন, প্রতিদিনই চুরির ঘটনা ঘটছে। কিছুদিন আগে আমার বাসার সামনে থেকে এক সাংবাদিকের মোটরসাইকেল চুরি হয়েছে। তিনি বলেন, ‘কিশোরগঞ্জ পৌরসভায় বসবাস করার মতো অবস্থা নেই। এ অবস্থা থেকে নিস্তার চাই।’

জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, শহরে সিসিটিভি ক্যামেরা স্থাপন অপরাধীদের মধ্যে ভীতি সৃষ্টি করবে। তিনি নদীর পাড়ের সড়কগুলোতেও ক্যামেরা স্থাপনের অনুরোধ জানান। তিনি বলেন, কিছুদিন আগে এক মেয়েকে ছিনতাইকারীরা এতটা নির্যাতন করেছে যে তাঁর চোখই দেখা যাচ্ছিল না। এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের চেয়ে অনেক বেশি তৎপর। সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়ায় তিনি পুলিশ সুপারকে ধন্যবাদ জানান।

কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা একটি সুন্দর ও প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে। অপরাধী শনাক্ত হলে ধীরে ধীরে অপরাধের মাত্রাও কমে আসবে।

জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, সিসিটিভি ক্যামেরা স্থাপন প্রযুক্তিনির্ভর, জনবান্ধব ও জবাবদিহিমূলক পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে চুরি, ছিনতাই, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে একসঙ্গে কাজ করলে একটি সুন্দর কিশোরগঞ্জ গড়ে তোলা সম্ভব।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, শহরের সব সড়ক ও বাসাবাড়ি পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। এ জন্য থানায় সার্ভার রুম স্থাপন করা হয়েছে। কিশোর গ্যাং, ছিনতাই, চুরি, চাঁদাবাজি, দোকানে হামলা ও হুমকির মতো অপরাধ বন্ধে এ ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে। তিনি বলেন, এমন প্রযুক্তির ক্যামেরা স্থাপন করা হচ্ছে, যার মাধ্যমে প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হবে। এতে শুধু অপরাধ নিয়ন্ত্রণই নয়, মানুষের আচরণগত পরিবর্তনও আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাদের, ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]