• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬, ০৭:৫২ বিকাল

চট্টগ্রামে লালখান বাজার ফুটওভার ব্রিজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল নীতি হলো—কথা কম, কাজ বেশি। তাঁর নির্দেশনায় চট্টগ্রামের উন্নয়ন প্রকল্পগুলো অত্যন্ত দ্রুতগতিতে বাস্তবায়িত হচ্ছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের কর্মতৎপরতার প্রশংসা করে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে চট্টগ্রামকে বদলে দিতে তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন।

শনিবার সকালে জনসাধারণের চলাচলের জন্য নবনির্মিত ফুটওভার ব্রিজটি উদ্বোধন করার আগে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নে ‘শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ প্রকল্পের আওতায় লালখান বাজার মোড় সংলগ্ন এলাকায় এই ফুটওভার ব্রিজটি নির্মাণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, লালখান বাজার মোড়ে নির্মিত এই ফুটওভার ব্রিজটি চট্টগ্রামের সবচেয়ে দৃষ্টিনন্দন ও নিরাপদ। নবনির্মিত সেতুটি চালুর মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। তিনি আরও বলেন, চট্টগ্রামের মানুষের প্রয়োজনে যেকোনো উন্নয়ন কর্মকাণ্ডের প্রস্তাব এলে তিনি নিজ দায়িত্বে তা অনুমোদনের ব্যবস্থা করবেন। এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তি যদি দেশ ও রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র বা অরাজকতা করার চেষ্টা করে, তবে চট্টগ্রামে প্রশাসনের প্রয়োজন হবে না; দলের নেতাকর্মীরাই তা প্রতিহত করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, লালখান বাজার ও ইস্পাহানি মোড়ে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ ছিল এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। এই দাবিতে আজকের প্রধান অতিথির নেতৃত্বেই এখানে মানববন্ধন হয়েছিল। অবশেষে সেতুটি চালুর মধ্য দিয়ে সেই দাবি পূরণ হলো।

সিডিএ চেয়ারম্যান আরও জানান, আগামী ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী সিডিএর বাস্তবায়িত শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়ক, আউটার রিং রোড এবং কালুরঘাট থেকে চাক্তাই সংযোগ সড়ক উদ্বোধন করবেন। এই মেগা প্রকল্পগুলো চালু হলে চট্টগ্রামের যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অর্থে নির্মিত লালখান বাজার ফুটওভার ব্রিজটির দৈর্ঘ্য ১৩৭.৮ ফুট, সিঁড়ির প্রস্থ ৮ ফুট এবং এটি মূল সড়ক থেকে ১৮ ফুট উঁচুতে অবস্থিত। ২ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটিতে পথচারীদের সুবিধার্থে ওঠানামার জন্য চারটি প্রবেশ ও বের হওয়ার পথ রাখা হয়েছে।

নগরের গুরুত্বপূর্ণ সংযোগস্থল হওয়ায় লালখান বাজার মোড় দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও পথচারী চলাচল করেন। নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় অতীতে এখানে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছিল। এসব দুর্ঘটনার পর নিরাপদ পারাপারের দাবি জোরালো হয়। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দাবির সঙ্গে একাত্মতা জানিয়েছিলেন।

শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সুধী সমাবেশে সিডিএ সচিব নুর-এ জান্নাত রুমিসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম ও উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]