পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় আসামির তালিকায় নাম এসেছে এক মৃত ব্যক্তির। সামচু ঢালী নামের ওই ব্যক্তি একজন বীর মুক্তিযোদ্ধা এবং কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। গত ২৯ মার্চ তার মৃত্যু হয়। অথচ প্রায় সাড়ে সাত মাস পর, গত ৯ নভেম্বর রাতে সংঘটিত ঘটনার মামলায় তাকে ২১৯ নম্বর আসামি করা হয়েছে।
সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার ইসমাইল ঢালীর ছেলে।
মামলার এজাহার অনুযায়ী, গত সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে সড়কে অবস্থান নেন তারা। একপর্যায়ে কয়েকটি যানবাহনে ভাঙচুর এবং একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। সেতুর দুই প্রান্তে আটকে পড়ে যানবাহন।
এ ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পদ্মা সেতু দক্ষিণ থানার এসআই আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়। এজাহারের ২১৯ নম্বরে রয়েছে সামচু ঢালীর নাম।
মৃত্যুর কয়েক মাস পর সংঘটিত ঘটনার মামলায় তার নাম আসায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। মামলার আসামি হিসেবে নাম অন্তর্ভুক্ত করার আগে তাদের পরিচয় ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই করা হয়েছিল কি না, তা নিয়েও আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা মন্তব্য ও ব্যঙ্গ-বিদ্রুপ ছড়িয়েছে। কেউ কেউ কৌতুক করে লিখেছেন, মৃত্যুর পরও দলীয় কর্মসূচিতে অংশ নিতে কবর থেকে উঠে এসেছেন ওই আওয়ামী লীগ নেতা!
সামচু ঢালীর ছেলে নাজমুল ঢালী বলেন, তার বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। অথচ মৃত্যুর পর তাকে একটি মামলার আসামি করা হয়েছে। বিষয়টি অত্যন্ত বিস্ময়কর। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার বিষয়ে তাদের কোনও আপত্তি নেই। তবে একজন মৃত ব্যক্তিকে কীভাবে মামলার আসামি করা হলো, সেটিই তাদের প্রশ্ন। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে তার বাবার নাম মামলা থেকে প্রত্যাহারের ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
মামলার বাদী এসআই আকরাম বলেন, আমি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নামগুলো আমাকে দেওয়া হয়েছে। কারা কী করছে, বিষয়টি আপনারা বুঝতেই পারছেন। আসামির বাড়ি শিবচরে, অথচ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। সেখান থেকেই নামগুলো এসেছে। কীভাবে নামগুলো এসেছে, তা আপনারা বুঝতেই পারছেন।
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি আব্দুস সালাম বলেন, মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া গেলে বা ভুলক্রমে নাম অন্তর্ভুক্তির প্রমাণ মিললে তাঁদের বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর