পবিত্র কোরআনের সুমধুর তিলাওয়াত আর নাড়া দেওয়া সুরে মুখরিত হয়েছিল খাগড়াছড়ি সদর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র।
শনিবার (১৪ নভেম্বর) মাশকুল কুরআন ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬’-এ অংশ নিয়েছিলেন জেলার প্রত্যন্ত অঞ্চলের তুখোড় সব হাফেজ ও ক্বারী। এই জমজমাট প্রতিযোগিতায় ৮৫ জন মেধাবী প্রতিযোগীর তুমুল প্রতিদ্বন্দ্বিতাকে পেছনে ফেলে ‘হুসনে সাউত’ বা সুন্দর কণ্ঠ বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছেন দীঘিনালা দারুত তাহফিজ আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্র মো. আব্দুল্লাহ সাদমান।
তার এই গৌরবময় অর্জনে কেবল দীঘিনালাই নয়, পুরো খাগড়াছড়ি জেলায় আনন্দের জোয়ার বইছে। প্রতিযোগিতায় প্রধান অতিথি ও বিচারকমণ্ডলীর মূল নির্দেশনায় ছিলেন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা উজ্জ্বলকারী, ইরান আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত অন্ধ হাফেজ শায়খ কারী মোয়াজ্জেম হোসেন। এমন একজন গুণী কারীর সামনে নিজের তিলাওয়াতের দ্যুতি ছড়িয়ে সাদমান প্রমাণ করেছে দীঘিনালার কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা মেধার চর্চায় কতটা এগিয়ে।
সাদমান দীঘিনালার স্বনামধন্য দ্বীনি প্রতিষ্ঠান দারুত তাহফিজ আল ইসলামিয়া-র একজন নিবেদিতপ্রাণ শিক্ষার্থী। কঠোর সাধনা, নিয়মিত তিলাওয়াতের চর্চা এবং সূক্ষ্ম সুরের সাধনাই তাকে এই অনন্য উচ্চতায় নিয়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সাদমানের এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দারুত তাহফিজ আল ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা রুহুল আমিন। তিনি বলেন, 'আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং আমাদের এই ছোট্ট শিক্ষার্থী সাদমানের নিরলস পরিশ্রমের ফলেই আজ এই ঐতিহাসিক সাফল্য এসেছে। সে শুধু আমাদের মাদ্রাসার নয়, পুরো দীঘিনালার মুখ উজ্জ্বল করেছে। ৮৫ জন প্রতিযোগীর সাথে লড়ে দ্বিতীয় স্থান অর্জন করা চাট্টিখানি কথা নয়- এটি তার নিখুঁত সুর, মেধা এবং তিলাওয়াতের প্রতি গভীর অনুরাগের বহিঃপ্রকাশ। আমরা বিশ্বাস করি, সে আগামী দিনে আরও বড় পরিসরে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও কোরআনের আলো ছড়িয়ে দেবে। দেশবাসীর কাছে তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুস্বাস্থ্যের জন্য দোয়া কামনা করছি।'
প্রতিযোগিতা শেষ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয়ভাবে অভিনন্দনের জোয়ারে ভাসছেন সাদমান। তার শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা আশা করছেন, কোরআনের এই আলোর পথযাত্রী ভবিষ্যতে নিজেকে পরিপূর্ণভাবে দ্বীনের খেদমতে নিয়োজিত করবেন এবং দীঘিনালার নাম সারা দেশে আরও উঁচুতে তুলে ধরবেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর