• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ০৯:৫৩ সকাল

সিডর: উপকূলবাসীর জন্য এক দুঃসহ স্মৃতির দিন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

১৫ নভেম্বর বরগুনাসহ উপকূলবাসীর জন্য এক বেদনাবিধুর দিন। ২০০৭ সালের এই দিনে ঘূর্ণিঝড় সিডর উপকূলীয় জনপদকে লন্ডভন্ড করে দিয়েছিল। কেড়ে নিয়েছিল কয়েক হাজার মানুষের প্রাণ। সেই ভয়াবহ স্মৃতির ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন উপকূলের মানুষ।

২০০৭ সালের ১৫ নভেম্বর রাত ৭টা ৪০ মিনিটে মহাবিপদ সংকেতের খবর ছড়িয়ে পড়লে উপকূলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুড়ি গুড়ি বৃষ্টির সাথে দমকা হাওয়া বইতে শুরু করে। অধিকাংশ মানুষ ঝড়ের ভয়াবহতা আঁচ করতে না পেরে বাড়িতেই থেকে যান। রাত সাড়ে ১০টার দিকে বঙ্গোপসাগরের উত্তাল জলরাশি জলোচ্ছ্বাস আকারে উপকূলীয় এলাকায় আছড়ে পড়ে। মাত্র ১০ মিনিটের জলোচ্ছ্বাসে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। পরদিন সকালে চারিদিকে কেবল লাশের সারি আর ধ্বংসলীলা দেখা যায়। কবর দেওয়ার জায়গা না থাকায় অনেক ক্ষেত্রে একটি কবরে একাধিক মরদেহ দাফন করতে হয়েছিল।

সরকারি তথ্য অনুযায়ী, সিডরের আঘাতে বরগুনা জেলায় ১ হাজার ৩৪৫ জন মানুষ প্রাণ হারান এবং ১৫৬ জন নিখোঁজ হন। এছাড়া ৩০ হাজার ৪৯৯টি গবাদি পশু ও প্রায় সাড়ে ৬ লাখ হাঁস-মুরগি মারা যায়। জেলার ২ লাখ ১৩ হাজার ৪৬১টি পরিবার ক্ষতিগ্রস্ত হয় এবং ৭৭ হাজার ৭৫৪টি পরিবার সম্পূর্ণ গৃহহীন হয়ে পড়ে। বেসরকারি হিসেবে নিহতের সংখ্যা প্রায় ২ হাজার।

তৎকালীন আবহাওয়া বিভাগের সতর্কবার্তা যথাযথ না হওয়া এবং প্রচারের সীমাবদ্ধতাকে সিডরে ব্যাপক প্রাণহানির অন্যতম কারণ হিসেবে মনে করেন স্থানীয়রা। বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল বলেন, ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত স্থানীয় ভাষায় বোধগম্য করে প্রচারের ব্যবস্থা করতে হবে। এছাড়া পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নির্মাণ ও উপকূলীয় এলাকায় কমিউনিটি রেডিও স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

বরগুনা সদর উপজেলার নলটোনা এলাকাটি সিডরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেখানে বেরিবাঁধ না থাকায় জলোচ্ছ্বাসের পানি ২০ ফুট পর্যন্ত বৃদ্ধি পায়। ওই এলাকায় দাফনের জায়গা না থাকায় পশ্চিম গর্জনবুনিয়া গ্রামে ২৯ জনের মরদেহ ১৯টি কবরে মাটি চাপা দেওয়া হয়। বর্তমানে সেখানে জেলা প্রশাসন ও বরগুনা প্রেসক্লাবের উদ্যোগে একটি সিডর স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।

সিডরের এত বছর পরও উপকূলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। বরগুনা পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, জেলায় এখনো ৭২ কিলোমিটার বেরিবাঁধ ভাঙা অবস্থায় রয়েছে। পর্যাপ্ত বরাদ্দের অভাবে তা মেরামত করা সম্ভব হচ্ছে না। এছাড়া ১০ লক্ষাধিক মানুষের জন্য বিদ্যমান সাইক্লোন শেল্টারগুলোও অপ্রতুল। জেলা প্রশাসক তাছলিমা আক্তার জানিয়েছেন, নতুন সাইক্লোন শেল্টার নির্মাণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে।

সিডরের সেই দুঃসহ স্মৃতি স্মরণে আজ বরগুনা জেলা প্রশাসন ও প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে গর্জনবুনিয়া গণকবরে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত, দোয়া মাহফিল ও স্মরণসভা।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]