বরগুনার আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে উপজেলা প্রকৌশলী দপ্তর (এলজিইডি) এর হিসাব শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুর্বৃত্তরা হিসাব শাখার পেছনের জানালার লক ভেঙে জানালা খুলে ভেতরে থাকা চেয়ার-টেবিলের ওপর কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুনে চেয়ারের ওপর থাকা একটি তোয়ালের আংশিক অংশ পুড়ে যায়। তবে টেবিলে মোটা গ্লাস থাকায় আগুন অন্যত্র ছড়িয়ে পড়তে পারেনি। ফলে অল্পের জন্য বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে অফিসটি।
ঘটনার সময় অফিসের নাইটগার্ড ফজলুর রহমান পাশের প্রকৌশলীর কক্ষে ঘুমিয়ে ছিলেন বলে জানায়।
রোববার (১৫ নভেম্বর) সকালে হিসাব শাখার কক্ষ খুলে আগুন দেওয়ার আলামত দেখতে পান নাইটগার্ড ফজলুর রহমান। পরে তিনি হিসাব শাখার দায়িত্বে থাকা মো. সাইদুর রহমানসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাদের বিষয়টি জানান।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থল থেকে কেরোসিনের একটি খালি বোতল উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী বলেন, দুর্বৃত্তরা আমার দপ্তরের হিসাব শাখার পেছনের জানালা ভেঙে ভেতরে কেরোসিন ঢেলে আগুন দেয়। ভাগ্যক্রমে আগুন নিভে যাওয়ায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানানো হয়েছে।
আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান বলেন, আগুন দেওয়ার বিষয়টি শুনেছি। পূর্বেই প্রতিটি দপ্তরের প্রধানকে ডেকে নিজ নিজ দপ্তরের নিরাপত্তা নিতে বলা হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর