প্রকাশ্যে আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোটের বিরোধিতা করলেও সরকার গঠনের সমীকরণে আড়ালে তাদের সমর্থন চেয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমন অভিযোগ করেছেন দেশটির পার্লামেন্ট নেসেটের আরব জয়েন্ট লিস্টের সংসদ সদস্য আহমাদ তিবি।
শুক্রবার (১৩ নভেম্বর) টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ তোলার পাশাপাশি নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেলের পাঠানো কয়েকটি ব্যক্তিগত বার্তাও প্রকাশ করেন তিনি। এ নিয়ে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চ্যানেল ১২-কে দেওয়া সাক্ষাৎকারে আহমাদ তিবি বলেন, বিরোধী দল ইয়াশারের চেয়ারম্যান গাদি আইজেনকোটের নেতৃত্বে বিকল্প সরকার গঠনের উদ্যোগ ঠেকাতে নেতানিয়াহুর পক্ষ থেকে আরব আইনপ্রণেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ করা হয়েছিল।
তিবির দাবি, নির্বাচনের এক সপ্তাহ আগে, ভোটের পরদিন এবং ফল প্রকাশের পরও নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক ব্যক্তিগত উপদেষ্টা নাতান এশেল তাঁকে বার্তা পাঠিয়েছিলেন। নিজের বক্তব্যের পক্ষে সাক্ষাৎকারে মুঠোফোনে থাকা কয়েকটি বার্তা ক্যামেরার সামনে তুলে ধরেন তিনি। তবে ছবির মান অস্পষ্ট থাকায় সেগুলোর লেখা স্পষ্টভাবে পড়া যায়নি।
তিবি আরও অভিযোগ করেন, নেতানিয়াহু সরকারের একজন মন্ত্রী চলতি সপ্তাহেও তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওই মন্ত্রী তাঁকে আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠনের পক্ষে ভোট না দিয়ে নতুন নির্বাচনের পক্ষে অবস্থান নিতে বলেন। বিরোধীরা আরব দলগুলোকে সরকারে নেবে না—এমন যুক্তি দেখিয়ে পুনরায় নির্বাচনের পরামর্শও দেন ওই মন্ত্রী বলে দাবি তিবির।
সাধারণত ব্যক্তিগত কথোপকথন প্রকাশ্যে আনেন না জানিয়ে তিবি বলেন, নেসেটে নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের পর তাঁর প্রকাশ্য অবস্থান ও আড়ালের যোগাযোগের মধ্যকার দ্বিচারিতা তুলে ধরতেই তিনি এসব বার্তা প্রকাশ করেছেন।
তবে তিবির অভিযোগ সরাসরি নাকচ করেছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ক্ষমতাসীন লিকুদ পার্টি। চ্যানেল ১২-কে দেওয়া প্রতিক্রিয়ায় দলটি অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেছে। তাদের বক্তব্য, জাতীয় সংগীতের প্রতি অসম্মান দেখায় এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনাদের ক্ষতি করে—এমন কোনো দলের সঙ্গে লিকুদ সহযোগিতা করে না।
সূত্র: টাইমস অব ইসরায়েল
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর