• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
মো: মিজানুর রহমান
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ০৯:২২ রাত

চিত্রার নদির বুকে ভেকুর থাবা, রাতভর চলছে মাটি কাটার মহোৎসব

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঝিনাইদহের কালীগঞ্জে রাতের আঁধারে চিত্রা নদী থেকে মাটি কাটার মহোৎসব চলছে। দিনের আলো নিভে সন্ধ্যা নামলেই নদীর বুকে শুরু হয় ভেকু মেশিনের তাণ্ডব। গভীর রাত পর্যন্ত চলে মাটি কাটার কাজ। পরে ট্রাক্টরযোগে এসব মাটি স্থানীয় ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এতে একদিকে যেমন নদীর স্বাভাবিক পরিবেশ ও গতিপ্রবাহ হুমকির মুখে পড়ছে, অন্যদিকে ট্রাক্টরের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছেন আশপাশের গ্রামের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েও মিলছে না প্রতিকার। ফলে মাটি কাটার সঙ্গে জড়িত একটি প্রভাবশালী সিন্ডিকেটের ভূমিকা এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মালিয়াট ইউনিয়নের তত্বিপুর, মাগুরা, পাঁচকাহুনিয়াসহ কয়েকটি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীর বিভিন্ন স্থান থেকে রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে। একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। নদী থেকে কেটে নেওয়া মাটি ট্রাক্টরযোগে বিভিন্ন ইটভাটা ও অন্যত্র বিক্রি করা হচ্ছে। গভীর রাত পর্যন্ত একের পর এক ট্রাক্টর চলাচলের কারণে গ্রামবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মালিয়াট ইউনিয়নের কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি এ মাটি ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের দাবি, জামাল বিশ্বাস নামের এক ব্যক্তির মাধ্যমে স্থানীয় মর্ডান ইটভাটার জন্য প্রায় ২০০ ট্রাক্টর মাটি কেনা হয়েছে। এ ব্যবসার সঙ্গে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছেন বলেও অভিযোগ করেন তাঁরা।

অভিযোগে আব্দুল মজিদ, মহিলা ইউপি সদস্যের ছেলে নাজমুল, হোসেন মাস্টার, সাজ্জাদ, বাবু, মাসুদ রানা, সোহান ও জাকির হোসেনের নাম উঠে এসেছে। তবে এসব ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের অস্বীকার করেছেন তারা।

অভিযোগের বিষয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হোসেন আলী মুন্সি বলেন, তিনি একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। মাটি কাটার ব্যবসার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।

অপর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ শেখ বলেন, তিনি কখনোই মাটির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার সম্ভাবনা থাকায় একটি মহল তাঁর সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, রাতে নদী থেকে মাটি কাটার বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমে জেনেছেন। জনবল সংকটের কারণে রাতে অভিযান পরিচালনা ও মাটি কাটা প্রতিরোধে কিছুটা সমস্যা হচ্ছে। বিষয়টি জেলা পর্যায়ের সভায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। দিনের বেলায় মাটি কাটার ঘটনা ঘটলে তিনি মোবাইল কোর্ট পরিচালনা করবেন বলেও জানান।

নদী রক্ষা ও অবৈধ মাটি কাটা বন্ধে দ্রুত কার্যকর অভিযান চান স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, রাতের আঁধারে পরিচালিত এ কর্মকাণ্ড বন্ধে প্রশাসন, পুলিশ ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]