• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ১১:২৭ রাত

টুঙ্গিপাড়ায় বিএনপির কার্যালয় ও নেতাদের বাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

রবিবার (১৫ নভেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এদিকে পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী এক উপপরিদর্শককে (এসআই) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

এসব ঘটনায় টুঙ্গিপাড়ায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে উপজেলার বাঁশবাড়িয়া, ডুমুরিয়া, পাটগাতী বাজার ও পাটগাতী স্ট্যান্ড এলাকায় দফায় দফায় মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পাটগাতী স্ট্যান্ড এলাকায় অগ্নিসংযোগের ঘটনায় ঢাকা-পিরোজপুর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।

দুপুরের পর পাটগাতী বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। বিকেলে উপজেলা বিএনপি ও যুবদলের কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখের বাড়িতে আগুন দেওয়া হয়। চৌরঙ্গী এলাকার মাহমুদ মেম্বারের দোকানে অগ্নিসংযোগ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক চিকিৎসক জাফরের চেম্বারে ভাঙচুর চালানো হয়।

সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিএনপি নেতা রাকিবের গোডাউন ও কাঠের ব্যবসাপ্রতিষ্ঠানেও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

পরে মিছিল নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গিয়ে শপথ নেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় উপজেলার বিভিন্ন সড়কে তাঁদের খণ্ড খণ্ড মিছিল করতে দেখা যায়।

এদিকে রোববার সন্ধ্যায় উপজেলার পাটগাতী ইউনিয়নের চৌরঙ্গী মোড় এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী এসআই মোসলেম আলীর ওপর হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে আহত করে। তিনি টুঙ্গিপাড়া থানায় কর্মরত। পরে তাঁকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কারা এবং কী কারণে এসআই মোসলেম আলীর ওপর হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন এসআই মোসলেম আলী।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলার পাটগাতী চৌরাস্তায় জড়ো হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। পরে আওয়ামী লীগ, যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও তাঁদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করেন।

একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করে পুলিশের সরকারি গাড়ির গতিরোধ করেন। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়। লাঠিসোঁটা দিয়ে গাড়ির বিভিন্ন অংশে আঘাত করে ভেঙে ফেলা হয় সব কটি কাচ। পুলিশ বারবার তাঁদের ছত্রভঙ্গ হয়ে চলে যাওয়ার আহ্বান জানালেও ভাঙচুর অব্যাহত থাকে। একপর্যায়ে গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এজাহারে আরও বলা হয়, সরকারি সম্পত্তি ও পুলিশ সদস্যদের জানমাল রক্ষা এবং আত্মরক্ষার্থে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট, পাঁচ রাউন্ড টিয়ার শেল ও তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]