• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪৫ সেকেন্ড পূর্বে
মো: মিজানুর রহমান
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ১০:০৪ রাত

যাত্রাবাড়ীর দুই হত্যা মামলায় কোটচাঁদপুরের ৫ আসামি প্রকাশ্যে ঘোরাফেরার অভিযোগ, গ্রেপ্তার না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পাঁচজনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। মামলার এজাহার ও তদন্ত-সংশ্লিষ্ট প্রতিবেদনে তাঁদের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানকালে ছাত্র-জনতার ওপর হামলা, গুলিবর্ষণ ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তবে অভিযোগ রয়েছে, মামলার আসামি হওয়া সত্ত্বেও তাঁরা এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছেন। তাঁদের গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

অভিযুক্ত পাঁচজন হলেন—কোটচাঁদপুর উপজেলার শিশারকুণ্ডু গ্রামের খোরশেদ আলম, তাঁর ছেলে শাহাদত হোসেন, মেয়ে জান্নাতুল ফেরদৌস তন্নী, সফিউদ্দীনের ছেলে উজ্জল হোসেন এবং কাউসার আলীর ছেলে লাভলু রহমান লাবু।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৭ জুলাই ২০২৬ তারিখে ঢাকার যাত্রাবাড়ী থানায় মো.বাবুল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ৬২। এতে দণ্ডবিধির ১৪৩, ১৪৮, ১৪৯, ৩০২, ১০৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। পরবর্তী সময়ে একই তারিখে যাত্রাবাড়ী থানায় আরও একটি হত্যা মামলা দায়ের হয়, যার নম্বর ৬৮।

দ্বিতীয় মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, আনিসুল হক, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান পাপন, জুনায়েদ আহমেদ পলক, শামীম ওসমান, সালমান এফ রহমানসহ বিভিন্ন পর্যায়ের ২৫৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খন্দকার সালেহ আবু নাঈমের প্রতিবেদনে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা, গণহত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আসামিদের সম্পৃক্ততার অভিযোগ উল্লেখ করা হয়েছে। আদালতে পাঠানো মামলার নথি অনুযায়ী, খোরশেদ আলমকে ১৬১ নম্বর আসামি করা হয়েছে। প্রতিবেদনে তাঁকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের ঘনিষ্ঠ সহযোগী ও অর্থদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

একই সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর ছেলে শাহাদত হোসেনকে ১৬২ নম্বর আসামি করা হয়েছে। মামলার নথিতে তাঁকে ঝিনাইদহ জেলা যুবলীগের সহপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণে জড়িত বলে অভিযোগ করা হয়েছে। উজ্জল হোসেন ১৬৩ নম্বর এবং জান্নাতুল ফেরদৌস তন্নী ১৬৪ নম্বর আসামি। উজ্জলকে জেলা যুবলীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক এবং তন্নীকে যাত্রাবাড়ী থানা যুব মহিলা লীগের সাহিত্য সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া শিশারকুণ্ডু গ্রামের লাভলু রহমান লাবুকে ২৩৬ নম্বর আসামি করা হয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা জাসাসদের সভাপতি ও জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবির,কোটচাঁদপুর এনসিপির নেতা ইসমাইল হোসেন বলেন, মামলার আসামিরা কোটচাঁদপুর এলাকায় অবস্থান করে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার পাশাপাশি ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। এ অবস্থায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

এদিকে শাহাদত হোসেন ও উজ্জল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আরও একটি মামলা রয়েছে বলে জানা গেছে। ২০২৪ সালের ২৫ নভেম্বর ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান (পুটেপাড়া) গ্রামের নজরুল ইসলামের মেয়ে ঝুমুর খাতুন বাদী হয়ে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশোধিত ২০০৩ সালের ৯(১), ৭ ও ৩০ ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১) ও ৮(৩) ধারায় অভিযোগ আনা হয়। সে সময় বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।

এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারসহ যেকোনো ধরনের আইনি সহায়তা চাইলে থানা-পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা করবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]